শিরোনামঃ

রাজাপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুরের পর আগুন

ঝালকাঠির রাজাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে। পরে ঘরের কিছু জিনিসপত্র বাইরে বের করে তাতে আগুন ধরিয়ে দেয়।

বাড়ির মালিক মো. শাহ উদ্দিন হাওলাদার ওরফে সুরুজ মিয়া বড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পরিবারসহ আত্মগোপনে ছিলেন। ওই বছরের ১৯ সেপ্টেম্বর তিনি গ্রেপ্তার হন। এক মাসের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে আবারও আত্মগোপনে চলে যান। এ সময় বাড়িতে তাঁর স্ত্রী মোসা. রেমি বেগম একাই বসবাস করতেন।

এর আগে গত ১৯ নভেম্বরও দুর্বৃত্তরা বাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এরপর নিরাপত্তাহীনতায় স্ত্রী রেমি বেগমও বাড়ি ছেড়ে চলে যান। সেই থেকে বাড়িটি ফাঁকা ছিল।

শনিবার রাতে আবারও একদল দুর্বৃত্ত বাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং ঘরের জিনিসপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়। তবে কারা এবং কী কারণে এ হামলা ও অগ্নিসংযোগ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বিএইচএস নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে কাউকে পাওয়া যায়নি। ঘরের কিছু জিনিসপত্র বাইরে বের করে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা জানতে পুলিশ তদন্ত করছে।

ঘটনার সময় বাড়িটি ফাঁকা ছিল।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?