শিরোনামঃ

বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতির পক্ষে অবস্থান, ববি ছাত্রদল নেতা সাময়িক বহিষ্কার

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতিকে কার্যালয় থেকে বের করে দেওয়ার চেষ্টায় বাধা দেওয়াকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।


শনিবার (২১ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আজমাইন সাকিবকে তাঁর সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।


বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযান চালান ছাত্রদলের নেতাকর্মীরা। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এবং বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতি মো. হুমায়ুন কবিরকে তাঁর কার্যালয় থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন তাঁরা।


এ সময় শাখা ছাত্রদলের সহসভাপতি মিনহাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী হুমায়ুন কবিরকে কার্যালয় থেকে বের করে দিতে গেলে তাতে বাধা দেন যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিব। এ নিয়ে ছাত্রদলের দুই নেতার অনুসারীদের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়।


শাখা ছাত্রদলের সূত্রের দাবি, বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনাকে কেন্দ্র করেই আজমাইন সাকিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কারণ হিসেবে শুধু সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কথা উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?