শিরোনামঃ

বরিশালে ২০০ কৃষকের মাঝে ডালফসলের বীজ ও সার বিতরণ

বরিশালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ডালফসলের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ২০০ কৃষককে মুগ ও খেসারির বীজসহ বিভিন্ন ধরনের সার দেওয়া হচ্ছে। নগরীর খামারবাড়ি চত্বরে মেট্রোপলিটন কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম। সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএইর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর।

এ সময় বক্তব্য দেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. মামুনুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) চপল কৃষ্ণ নাথ, মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা সানজিদা আহমেদ শাওন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দা ফারহিন তামান্না এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক। প্রধান অতিথির বক্তব্যে মোসাম্মৎ মরিয়ম বলেন, বর্তমান সরকার কৃষকদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে অনেক কৃষক কৃষক কার্ড পেয়েছেন, বাকিরাও পর্যায়ক্রমে পাবেন। কৃষকদের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। এসব প্রণোদনা কাজে লাগিয়ে ফসলের উৎপাদন বাড়ানোর আহ্বান জানান তিনি। 

তিনি আরও বলেন, বাজারে রাসায়নিক সারের প্রকৃত মূল্যের একটি বড় অংশ সরকার ভর্তুকি হিসেবে বহন করছে। বরিশালে পর্যাপ্ত রাসায়নিক সার মজুদ রয়েছে। কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার কেনার পাশাপাশি কৃষিবিষয়ক যেকোনো পরামর্শের জন্য কৃষি বিভাগের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি। মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা সানজিদা আহমেদ শাওন জানান, কর্মসূচির আওতায় ১৫০ জন কৃষককে প্রত্যেককে ৫ কেজি করে মুগের বীজ এবং ৫০ জন কৃষককে ৮ কেজি করে খেসারির বীজ দেওয়া হবে। পাশাপাশি উভয় ধরনের ফসল চাষের জন্য প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এসব বীজ ও সার এক বিঘা জমিতে চাষের জন্য বিনামূল্যে বিতরণ করা হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?