শিরোনামঃ

আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তা-কর্মচারীকে পুলিশে সোপর্দ করল ছাত্রদল


আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বুধবার ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়ার মুর্শিদ আবেদিনকেও জেরা করা হয়। এ ছাড়া ছাত্রদল নেতাকর্মীরা কয়েকজন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ ও আটক করেছেন বলে জানা গেছে। এ সময় কয়েকজনকে মারধর করতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।


পুলিশের কাছে হস্তান্তর করা পাঁচজন হলেন অর্থ দপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, অর্থ দপ্তরের উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান, অর্থ দপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।


ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, আটক ব্যক্তিরা আওয়ামী লীগ-সংশ্লিষ্ট। তবে এসব অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ বা নথি উপস্থাপন করা হয়েছে কি না, তা জানা যায়নি। আটক ব্যক্তিদের বক্তব্যও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করেন এবং কয়েকজনকে আটক করেন। এ সময় কয়েকজনকে মারধর করতে দেখা যায়।



বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন দাবি করেন, দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি ছড়িয়ে দিতে আওয়ামী লীগ নির্দেশ দিয়েছে এবং সেই ধারাবাহিকতায় আগামীকাল ১৯ নভেম্বর লকডাউন ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, “সারা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। গোপালগঞ্জকে কীভাবে ধ্বংস করা হচ্ছে, সরকারি প্রতিষ্ঠানকে কীভাবে ধ্বংস করা হচ্ছে, মানুষকে কীভাবে হত্যা করা হচ্ছে, তা আপনারা দেখেছেন। এই কর্মসূচি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মচারী, কর্মকর্তা, ছাত্রলীগ ও আওয়ামী লীগ-সংশ্লিষ্টরা পরিকল্পনা করছিলেন। এ বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল।”


মোশাররফ হোসেনের দাবি, কয়েকজন ঢাকায় আওয়ামী লীগের বৈঠকে অংশ নিয়েছেন। তিনি বলেন, “তাঁদের ফোন পরীক্ষা করলেই দেখা যাবে, তাঁরা এখনো আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনার গ্রুপগুলোতে সক্রিয় এবং সেখানে তথ্য আদান-প্রদান করছেন।” তবে কারা ঢাকার বৈঠকে অংশ নিয়েছেন, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কারও নাম প্রকাশ করেননি।


তিনি আরও বলেন, “যাঁদের আমরা ধরেছি, তাঁরা অতীতেও আওয়ামী লীগের সক্রিয় ছিলেন। ৫ আগস্টের পর তাঁরা আরও তীব্রভাবে দেশে অসন্তোষ সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ানোর লক্ষ্যে কাজ করছেন। আমরা এ ব্যাপারে সতর্ক ও সচেতন আছি। এঁদের প্রতিহত করতে ছাত্রদলই যথেষ্ট।”


শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ শান্ত বলেন, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা ও তাঁর সহযোগী সংগঠনগুলো সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল। এর প্রেক্ষিতে গণ-আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। তাঁর অভিযোগ, শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করে দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং তাঁর নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন।


আরিফ শান্ত বলেন, “১৯ নভেম্বর তাঁরা হরতাল-লকডাউন ডেকেছেন। এই লকডাউনে আমরা দেখতে পাচ্ছি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা, যাঁরা আগের সরকারের আমলে নিয়োগ পেয়েছেন এবং যাঁদের আমরা ফ্যাসিস্টদের দোসর মনে করি, তাঁরা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে নানাভাবে চেষ্টা করছিলেন। তাঁদের অনেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ফেলে আগেই পালিয়েছেন, আবার অনেকে আজ ক্যাম্পাসে আসেননি।”

তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এবং দেশকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানাভাবে উসকানি দিচ্ছেন ও আওয়ামী লীগের দোসরদের সহযোগিতা করছেন। 


বরিশাল বিশ্ববিদ‍্যালয়ের প্রক্টর ,মেহেদী হাসান সোহাগ বলেন“সন্ত্রাসীরা দেশের বিভিন্ন জায়গায় জনবিচ্ছিন্নভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে। আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়েও এ ধরনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও সার্বভৌমত্ব রক্ষায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”


পরবর্তী সময়ে কী ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে তিনি বলেন, “দেশের মানুষের স্বার্থ রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তার সবকিছুর জন্য আমরা প্রস্তুত।” ব্যবস্থাগুলো ঠিক কী ধরনের হতে পারে, এমন প্রশ্নে তিনি বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে তা আসবে, আপনারা আপডেট জানতে পারবেন।”


আটক ব্যক্তিদের বিষয়ে কী সিদ্ধান্ত, জানতে চাইলে তিনি বলেন, “এটা আমরা পরে জানাব। আমাদের কাছে প্রমাণ ও ডকুমেন্ট রয়েছে।” তবে সেসব প্রমাণ বা নথি কী, তা তিনি সাংবাদিকদের দেখাননি বা বিস্তারিত বলেননি।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?