শিরোনামঃ

খেয়াঘাটে দখল-চাঁদাবাজির রাজনীতি না করার আহ্বান শিপলু খানের


সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি 

 পটুয়াখালীর গলাচিপা ও দশমিনার বিভিন্ন খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে ভাড়া কমানোর দাবি জানিয়েছেন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান। একই সঙ্গে খেয়াঘাট দখল, চাঁদাবাজি ও সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তারের রাজনীতির বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পোস্ট দিয়েছেন তিনি।


একটি পোস্টে শিপলু খান গলাচিপা, গাজীপুর, কাজল ও আলিপুর খেয়াঘাটের ভাড়া নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, গলাচিপার খেয়ায় ভাড়া ৫ টাকা, গাজীপুর খেয়ায় ২ টাকা এবং আলিপুরের খেয়ায় ৫ টাকা করা উচিত। অন্যদিকে কাজল খেয়ায় সর্বোচ্চ ৩০ টাকা ভাড়া নির্ধারণের দাবি জানান তিনি। তাঁর অভিযোগ, বর্তমানে এসব ঘাটে যথাক্রমে ১০ টাকা ও ৬০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রতিকার প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।


অন্য একটি পোস্টে শিপলু খান বলেন, ঘাট দখল, চাঁদাবাজি কিংবা সাধারণ মানুষের ওপর কোনো ধরনের প্রভাব বিস্তারের রাজনীতি তাঁরা চান না। বিএনপির কোনো নেতা-কর্মী যেন খেয়াঘাট বা সরকারি কোনো সম্পদ দখল না করেন, সে বিষয়ে সতর্কবার্তা দেন তিনি।

তিনি আরও লেখেন, ‘দলীয় পরিচয়ের আড়ালে কেউ যেন জনগণের অধিকার ও নিজের হীনস্বার্থ উদ্ধার না করেন। রাজনীতি হোক মানুষের কল্যাণে, দখলদারত্বের জন্য নয়। জনগণের স্বার্থই হবে সবার আগে।’

আইনের ঊর্ধ্বে কেউ নয়, দলীয় পরিচয়ও নয় উল্লেখ করে শিপলু খান বলেন, জনগণের পক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের অধিকার আদায়ে প্রতিকার চাইবেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?