শিরোনামঃ

ভোলার ধনিয়ায় নিরীহ পরিবারের ওপর হামলাকারী


ভূমিদস্যুদের গ্রেফতার ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥

ভোলা সদরের ধনিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিরীহ শামছুদ্দিন হাওলাদারের পরিবারের ওপর হামলাকারী ভূমিদস্যু, সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবী এবং উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ধনিয়া ইউনিয়নের দড়িরামশংকর এলাকায় নাছির মাঝি রোডে ভুক্তভোগী ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা ভূমিদস্যু ও চিহ্নিত সন্ত্রাসী সাহেব আলী, আবুল খায়ের, মাকসুদ, মাহাফুজ, হৃদয় হাসান ও রাশিদা বেগমসহ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে শামছুদ্দিন হাওলাদার, মোঃ মান্নান টুটুল, মোঃ বিল্লাল, আমির হোসেন হাওলাদার, মোঃ জাহিদ, আলম হাওলাদার, শফি হাওলাদার, বিবি আরজু, কুলসুম বেগম, খাদিজা আক্তার, ইয়াসমিনসহ শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযুক্ত সাহেব আলী গংদের সঙ্গে শামছুদ্দিন হাওলাদারের পরিবারের বিরোধ চলছিল। এরই জেরে গত ১৪ সেপ্টেম্বর অভিযুক্তরা অনধিকার প্রবেশ করে গাছ থেকে নারিকেল পাড়তে শুরু করে। এতে পরিবারের সদস্য মোঃ আলম বাধা দিলে সাহেব আলী, আবুল খায়ের, মাকসুদ, মাহাফুজ, হৃদয় হাসান ও রাশিদা বেগমসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। আলমের আর্তচিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে এলে তার ভাই সবুজ, স্ত্রী মুক্তা এবং ছেলে সাজিদকেও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। হামলাকারীরা এ সময় আহতদের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্বজন ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে সাজিদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে আরও জানান, সন্ত্রাসী সাহেব আলী, আবুল খায়ের, ুমাহাফুজ গংরা শুধু শারীরিক হামলা ও লুটপাট চালিয়েই ক্ষান্ত হয়নি। তারা নিজেদের অপরাধ ঢাকতে এবং ভুক্তভোগী পরিবারকে হয়রানি করতে পরবর্তীতে নিজেদের পুকুরে নিজেরাই বিষ প্রয়োগ করে। এরপর উল্টো নিরীহ শামছুদ্দিনের পরিবারের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করে। বর্তমানে অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে প্রতিনিয়ত ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে। হুমকির ভয়ে পুরো পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

মানববন্ধন থেকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার, সাজানো মিথ্যা মামলা প্রত্যাহার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?