শিরোনামঃ

বৈষম্যবিরোধী আইন নিয়ে বরিশাল বিভাগীয় সংলাপ

প্রস্তাবিত বৈষম্যবিরোধী আইন ২০২২ এর ওপর নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনের তুলনামূলক পর্যালোচনা ও মতামত গ্রহণের লক্ষ্যে বরিশালে বিভাগীয় পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় আয়োজিত এ সংলাপে প্রস্তাবিত আইনের বিভিন্ন ধারা, বৈষম্যের সংজ্ঞা, বৈষম্যমূলক কার্যাবলী এবং নাগরিক অধিকার সুরক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রস্তাবিত আইনে বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আরও সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা। সংলাপে সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের ডেপুটি নির্বাহী পরিচালক জান্নাতুল নাঈম ঐশী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের ওয়াসিউর রহমান তন্ময়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ইকবাল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হেনা বেগম, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন।
সংলাপে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আইন কার্যকর করতে হলে আইনে বৈষম্যের সুস্পষ্ট সংজ্ঞা, বৈষম্যের শিকার বিভিন্ন জনগোষ্ঠীর অধিকার এবং প্রতিকারের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের ভূমিকা আরও সুস্পষ্ট করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার বিষয়ও উঠে আসে। বক্তারা প্রস্তাবিত আইনকে আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্টদের মতামত বিবেচনার আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?