শিরোনামঃ

বানারীপাড়ায় আইনগত সহায়তা বিষয়ক গণশুনানি

সরকারি আইনগত সহায়তা সেবার গুণগত মান বৃদ্ধি এবং সেবাকে আরও জনমুখী করার লক্ষ্যে বরিশালের বানারীপাড়ায় আইনগত সহায়তা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বানারীপাড়া ইউনিয়নে আয়োজিত গণশুনানি উদ্বোধন করেন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন।
গণশুনানিতে বরিশাল জেলা লিগ্যাল এইড অফিস থেকে আইনগত সহায়তা গ্রহণকারী ব্যক্তি ও স্থানীয় জনগণ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন জিআইজেড বাংলাদেশের ‘অ্যাকসেস টু জাস্টিস ফর উইমেন’ প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর ও হেড অব প্রোগ্রাম মার্টিনা বুরকার্ড, কোস্ট ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক সনত কুমার ভৌমিক এবং বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসার এমদাদুল হক।
বক্তারা বলেন, আইনগত সহায়তা বিষয়ক গণশুনানি কার্যক্রমের মাধ্যমে আইনগত সহায়তা সেবাগ্রহীতা এবং জেলা লিগ্যাল এইড অফিসের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। এর ফলে সেবাগ্রহীতাদের প্রয়োজন, সমস্যা ও সন্তুষ্টির বিষয়গুলো সরাসরি জানা সম্ভব হবে। তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আইনগত সহায়তা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করা যাবে।
তারা আরও বলেন, এ ধরনের গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষ সরকারি আইনগত সহায়তা সেবা সম্পর্কে আরও সহজে জানতে পারবেন এবং সেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা সম্ভব হবে। এতে সরকারি আইনগত সহায়তা সেবার মানও পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে। ‘অ্যাকসেস টু জাস্টিস ফর উইমেন’ প্রকল্প, জিআইজেড বাংলাদেশের কারিগরি সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশন ও বরিশাল জেলা লিগ্যাল এইড অফিস যৌথভাবে এ গণশুনানির আয়োজন করে। জার্মান সরকার ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?