শিরোনামঃ

মান্তা জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় মেডিক্যাল ক্যাম্প

নদীনির্ভর মান্তা জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে মান্তা কানেক্ট প্রকল্পের আওতায় মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সরাসরি চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। নদী ও ভাসমান পরিবেশে বসবাসকারী মান্তা জনগোষ্ঠীর অধিকাংশ পরিবার নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত। চিকিৎসাকেন্দ্রে যাতায়াতের দূরত্ব, পরিবহন ব্যয় এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনের সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া তাদের জন্য অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতায় মান্তা জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মান্তা কানেক্ট প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মেডিক্যাল ক্যাম্পে মান্তা জনগোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুদের রেগুলার স্বাস্থ্য পরীক্ষা এবং অভিজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার বিষয়ে পরামর্শ প্রদান করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যবিধি ও রোগ প্রতিরোধ বিষয়ে সচেতন করা হয়। এ বিষয়ে ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ বলেন, মান্তা জনগোষ্ঠীর মানুষেরা আমাদের সমাজেরই অংশ। কিন্তু নদীকেন্দ্রিক ও ভাসমান জীবনযাপনের কারণে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মৌলিক সেবা থেকে পিছিয়ে রয়েছে। স্বাস্থ্যসেবা কোনো দয়া নয়, এটি মানুষের মৌলিক অধিকার। মান্তা কানেক্ট-এর মাধ্যমে আমরা তাদের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কাজ করছি। আমরা চাই, প্রান্তিকতার কারণে কোনো মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।

ডকটাইম-এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মাহেদী হাসান তানভীর বলেন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে আমরা মান্তা জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি শুধু ডিজিটাল সেবার মধ্যে সীমাবদ্ধ না থেকে আজ অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে সরাসরি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে মান্তা জনগোষ্ঠীর মানুষ সরাসরি চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ পাচ্ছেন। প্রান্তিক মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মান্তা কানেক্ট প্রকল্পের আওতায় মান্তা জনগোষ্ঠীর জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা ও টেলিমেডিসিন কার্যক্রমও পরিচালিত হচ্ছে। প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী ও নদীনির্ভর এলাকায় বসবাসকারী মানুষকে চিকিৎসকের পরামর্শের সঙ্গে যুক্ত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সরাসরি চিকিৎসাসেবার সুযোগ তৈরি করা হচ্ছে।


প্রকল্পের আওতায় স্বাস্থ্যসেবার পাশাপাশি মান্তা জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, নাগরিক অধিকার ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা, আর্থিক সাক্ষরতা কার্যক্রম এবং শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে পরিবারগুলোকে সম্পৃক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে।


মান্তা জনগোষ্ঠীর স্বাস্থ্য অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ইয়ুথনেট গ্লোবাল -এর বাস্তবায়নে এবং দি এশিয়া ফাউন্ডেশন-এর সহযোগিতায় মান্তা কানেক্ট প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তি ও কমিউনিটিভিত্তিক উদ্যোগের মাধ্যমে মান্তা জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে কাজ করছে প্রকল্পটি।


আয়োজকরা জানান, প্রান্তিক ও নদীনির্ভর জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাদের মতে, প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা ও সরাসরি চিকিৎসাসেবার সমন্বিত উদ্যোগ মান্তা জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও সহজ ও কার্যকর করতে পারে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?