শিরোনামঃ

সরকারের লক্ষ্য অনুযায়ী ১ কোটি দক্ষ জনশক্তি পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে-গোপালগঞ্জে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দক্ষ জনশক্তি গড়ে তোলা হচ্ছে মন্তব্য করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: নুরুল হক বলেছেন, বাংলাদেশ সরকার দক্ষতার উপর গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের মানুষকে দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়ে জনসংখ্যাকে জনশক্তিতে পরিনত করতে চাই। এই জনসম্পদকে কাজে লাগিয়ে বাঙলাদেশকে আমরা এগিয়ে নিতে যেতে চাই। বর্তমান সরকারে প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ দিন প্রবাসে ছিলেন। দেশে এসে তিনি বলেছেন “আই হ্যাভ এ প্লান”। একটি পরিকল্পনা নিয়েই তিনি দেশে এসেছেন এবং পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন। বর্তমান সরকারের লক্ষ্য অনুযায়ী ১ কোটি দক্ষ জনশক্তি পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে। কোন দেশে কোন ধরনে কাজের সুযোগ আছে, সেটি চিহ্নিত করে লোক পাঠানো ও তাদের চাহিদা অনুয়ায়ী আমরা প্রস্তুত করছি।


আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শণকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: নুরুল হক এসব কথা বলেন।


বিদেশে যেতে গিয়ে দালালের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের অনেক মানুষ বিদেশে যাওয়ার সময় মধ্যস্বত্বভোগী ও দালালদের মাধ্যমে প্রতারিত হচ্ছেন। এ সমস্যা বন্ধ করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম নেওয়া হচ্ছে।


তিনি বলেন, দালালদের দৌরাত্ম্য কমাতে বিএমইটির (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কার্যক্রম অনলাইনের আওতায় আনার কাজ চলছে। এতে বিদেশগামী কর্মীদের সেবা গ্রহণের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হবে এবং প্রতারণার সুযোগ কমবে। প্রয়োজনে বিদেশে কর্মী পাঠানোর সঙ্গে যুক্ত এজেন্সিগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে বিভিন্ন এলাকায় স্বীকৃত সাব-এজেন্সি দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে বিদেশগামী কর্মীদের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের মতো অভিযোগ কমিয়ে একটি নিয়ন্ত্রিত ও স্বচ্ছ ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে।


প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, শুধু বিদেশে জনশক্তি পাঠালেই হবে না, তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। একজন কর্মী যে দেশে যাবেন, সেই দেশের কর্মক্ষেত্রের চাহিদা, ভাষা ও প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জন করেই যাতে যেতে পারেন, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে বিদেশে কর্মীদের কর্মসংস্থানের পাশাপাশি ভালো বেতন ও মর্যাদা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।


প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের মানুষকে দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়ে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে হবে। এ জন্য দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও কার্যকর করা হচ্ছে। বিদেশের শ্রমবাজারে যেসব পেশার চাহিদা বেশি, সেসব বিষয়ে প্রশিক্ষণের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


এরআগে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: নুরুল হক গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা। পরে তিনি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। পরে প্রতিমন্ত্রী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?