শিরোনামঃ

মাঝিদের অনুরোধে ৩ টাকা ভাড়া বাড়িয়ে ক্ষোভের মুখে হরিদেবপুর খেয়াঘাট ইজারাদার


গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি 

পটুয়াখালীর গলাচিপায় হরিদেবপুর খেয়াঘাটে জনপ্রতি পারাপারের ভাড়া ৫ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রী ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অন্যদিকে মাঝিদের অনুরোধে জনপ্রতি ৩ টাকা ভাড়া বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন ঘাট ইজারাদার ও মাঝিরা। তবে যাত্রীদের দাবি, প্রতিমন্ত্রী নুরুল হক নুরের ঘোষণা অনুযায়ী জনপ্রতি ৫ টাকা ভাড়া কার্যকর করতে হবে।


জানা যায়, জেলা পরিষদের নির্ধারিত চার্ট অনুযায়ী, ‘খ’ শ্রেণির ঘাটে জনপ্রতি টোল ১০ টাকা। তবে ইজারাদারের দাবি, চার্টে ১০ টাকা নির্ধারিত থাকলেও প্রতিমন্ত্রী নুরুল হক নুরের ঘোষণার পর এতদিন ৫ টাকা ভাড়ায় যাত্রী পারাপার করা হচ্ছিল। মাঝিদের ৩ টাকা দাবির পরিপ্রেক্ষিতে এবং প্রতিমন্ত্রীর ঘোষণার বিষয়টি বিবেচনায় রেখে ১০ টাকার পরিবর্তে ৮ টাকা নেওয়া হচ্ছে।


ঘাট ইজারাদার শিবু লাল দাস বলেন, মাঝিদের অনুরোধেই ৫ টাকা থেকে ভাড়া ৩ টাকা বাড়ানো হয়েছে। ৫ টাকা করে নিলে লোকসান গুনতে হয়। মাঝিদের দাবিকৃত টাকা দেওয়ার পর ঘাট পরিচালনার খরচ মিটিয়ে তেমন কিছু অবশিষ্ট থাকে না। বর্তমানে জ্বালানি তেলসহ সব ধরনের পণ্যের দাম বেড়েছে। ফলে আগের ভাড়ায় ঘাট পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।


অন্যদিকে, মাঝিদের দাবি, এতদিন জনপ্রতি যাত্রীর কাছ থেকে ইজারাদার ৫ টাকা নিত এবং সেখান থেকে তাঁদের প্রতিদিন মোট ২২ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ২৮টি নৌকা পরিচালনায় প্রতিদিন প্রায় ৮ হাজার ১০০ টাকা খরচ হয়। এসব খরচ মেটানোর পর তাঁদের ন্যূনতম মজুরিও থাকে না। পরিবার-পরিজন নিয়ে দুবেলা খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। ঘাটটিতে মোট ৫৬ জন মাঝি রয়েছেন। এ অবস্থায় নৌকায় যাত্রীপ্রতি ৩ টাকা নেওয়ার সুযোগ করে দিতে ইজারাদারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য লিখিত আবেদন জানিয়েছেন মাঝিরা। তাদের দাবি তাঁরা প্রায় ৪০–৫০ বছর ধরে এ ঘাটে নৌকা পারাপারের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। ১৪৩৩ বঙ্গাব্দের ১ বৈশাখ থেকে ৩০ আশ্বিন পর্যন্ত জেলা পরিষদের নিয়ন্ত্রণে ঘাট পরিচালনার সময় তাঁরা যাত্রীপ্রতি ৩ টাকা পেতেন।


স্থানীয় একটি পক্ষের দাবি, প্রতিমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জনপ্রতি ভাড়া ৫ টাকাই রাখতে হবে। এই ৫ টাকা থেকে ৩ টাকা মাঝিদের এবং ২ টাকা ইজারাদারকে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। এতে যাত্রীদের ওপর বাড়তি ভাড়ার চাপ পড়বে না, পাশাপাশি মাঝি ও ইজারাদারের মধ্যেও সমন্বয় সম্ভব হবে।


ইজারাদার শিবু লাল দাস বলেন, সরকারি নির্ধারিত রেট ১০ টাকা হলেও এখানে ৮ টাকা নেওয়া হচ্ছে। জেলা পরিষদ থেকে তাঁদের যে চার্ট দেওয়া হয়েছে, সে অনুযায়ীই ভাড়া নির্ধারণ করা হয়েছে। পাশের গাজীপুর ও আমখোলা খেয়াঘাটে ১০ টাকা করে নেওয়া হলেও সেখানে কোনো সমস্যা হচ্ছে না। অথচ হরিদেবপুর ঘাটে এ নিয়ে এত সমস্যা কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।


এদিকে গলাচিপা উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির বলেন, গলাচিপার খেয়াঘাট নিয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না। প্রতিমন্ত্রী নুরুল হক নুরের ঘোষণা অনুযায়ী ইজারাদারকে জনপ্রতি ৫ টাকা ভাড়া নিতে হবে।


এ বিষয়ে প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, জেলা পরিষদকে তিনি বলে দিয়েছেন, খেয়াঘাটে জনপ্রতি ভাড়া ৫ টাকা নিতে হবে। যিনি ৫ টাকা ভাড়া ধরে ঘাট পরিচালনা করতে পারবেন, তাঁকে সেভাবেই ইজারা দেওয়ার নির্দেশনা দিয়েছেন। মাঝিরা কত টাকা পাবেন এবং ইজারাদার কত টাকা রাখবেন, সেটি তাঁরা নিজেদের মধ্যে সমন্বয় করে নেবেন।


এদিকে ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে হরিদেবপুর খেয়াঘাটে যাত্রী, স্থানীয় নেতাকর্মী, মাঝি ও ইজারাদারের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?