শিরোনামঃ

গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ছেলে আহত



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে সংবাদ সম্মেলন করায় নাহিদা বেগম ওরফে সাহিদা বেগম নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় তার ছেলেকেও কুপিয়ে মারাত্মক আহত করা হয়।


রবিবার (০১ ফেব্রুয়ারী) রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাগেছে, পাটগাতি মধ্যপাড়া গ্রামের মৃত শরিফুল ইসলাম শেখের পুত্র মহিবুল্লাহ শেখের সাথে একই গ্রামের আব্দুল কাদের ও তার ছেলে আব্দুল আলীর পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। ভুক্তভোগী পরিবারের দাবি, বিআরএস ৭২১ খতিয়ানের ৪৩৩.১২ শতাংশ জমি দখলের পাঁয়তারা করছিল কাদের ও তার সহযোগীরা। এরই প্রতিবাদে গত শনিবার (৩১ জানুয়ারি) টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মহিবুল্লাহ শেখ। সেখানে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযোগ করেন যে, প্রতিপক্ষরা তাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগও করেছিলেন।


সংবাদ সম্মেলন করার বিষয়টিতে ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিপক্ষ আব্দুল কাদের ও তার ছেলেরা। রবিবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহিবুল্লাহর বাড়িতে অতর্কিত হামলা চালায় তারা। হামলাকারীরা মহিবুল্লাহ ও তার বৃদ্ধা মাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাহিদা বেগম ওরফে সাহিদা বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজণা বিরাজ করছে।


অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ সারোয়ার হোসেন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল কাদের ও তার ছেলেরা এলাকা ছেড়ে পালিয়েছেন। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?