শিরোনামঃ

যুক্তরাজ্যের ইস্ট এঙ্গলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে প্রথম বাংলাদেশি বরিশালের ইরফান

যুক্তরাজ্যের ইস্ট এঙ্গলিয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে প্রথম বাংলাদেশি হিসেবে নির্বাচিত হয়েছেন বরিশালের কৃতি সন্তান ইরফান রহমান। ‘নন–পোর্টফোলিও অফিসার’ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিসার (নন–ইউরোপীয় ইউনিয়ন)’ এই দুটি গুরুত্বপূর্ণ পদে তিনি বিপুল ভোটে জয় পেয়েছেন। বিদেশের মাটিতে তার এই সাফল্যে বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী কমিউনিটির মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে।
এই নির্বাচনে ‘নন–পোর্টফোলিও অফিসার’ পদে সাতজন এবং ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিসার (নন–ইইউ)’ পদে তিনজন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে বিজয়ী হন ইরফান। গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত টানা আট দিন ভোটগ্রহণ শেষে ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন বারে ফল ঘোষণা করা হয়।
ইরফান বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে অণুজীববিজ্ঞানে স্নাতকোত্তর করছেন। নির্বাচনের মধ্য দিয়ে তিনি চলতি বছর বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষার মানোন্নয়ন, ছাত্রকল্যাণ এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার নানা উদ্যোগে তিনি কাজ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের স্বার্থ তুলে ধরবেন।
‘সৎ উদ্দেশ্য থাকলে সৃষ্টিকর্তা সব সময় সহায় থাকেন। আমার এই বিজয় আমাকে তা-ই মনে করিয়ে দিয়েছে। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং তাদের কল্যাণে সব সময় সোচ্চার থাকতে চাই’, নিজের সাফল্য নিয়ে বলছিলেন ইরফান।
বরিশাল শহরে জন্ম ও বেড়ে ওঠা ইরফানের৷ বাবা জাকির হোসেন বরিশাল প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি এবং ভারতের ইস্টার্ন ক্রনিকল ও মিজোরাম পোস্ট পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি৷ মা নিগার সুলতানা স্কুলশিক্ষিকা ও আবৃত্তিকার।
ইরফান বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে বরিশাল জিলা স্কুল থেকে এসএসসি এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকার আর্থ হাউজ স্কুলে আইন বিষয়ে এ–লেভেল সম্পন্ন করেন। ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অণুজীববিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনের পর বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম হন। এরপর যুক্তরাজ্যে পাড়ি জমান৷
দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় বিভিন্ন ছাত্রসংগঠনের কার্যক্রমে যুক্ত ছিলেন ইরফান৷ তিনি একজন কবিও৷ ২০২৪ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই ‘আঁচড়কাটার দল।’
ইরফান মনে করেন, তার এই অর্জন ব্যক্তিগত নয়; এটি বাংলাদেশের গৌরব। তিনি বলেন, ‘আমি মনে করি এই সাফল্য শুধু আমার নয়, পুরো বাংলাদেশের। ভবিষ্যতে বাংলাদেশের বিদ্যাপীঠগুলোর শিক্ষার্থীরাও এই ধরনের সুযোগ পাবেন, এটাই আমার প্রত্যাশা৷ বিশ্বের এপ্রান্ত হতে ওপ্রান্তে লাল-সবুজের বিজয় নিশান আরও বিস্তৃত হোক৷’
উল্লেখ্য, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্র সংসদের নির্বাচন শিক্ষার্থীদের অধিকার রক্ষা, মতামত তুলে ধরা এবং তাদের সমস্যাগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়। এই প্রক্রিয়া শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?