শিরোনামঃ

গলাচিপায় মাথায় গামছা বেঁধে কৃষকের ছদ্মবেশে তহশিলদারের অভিযান, অবৈধ মাটি কাটায় লাখ টাকা জরিমানা


সঞ্জিব দাস,  গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি:


পটুয়াখালীর গলাচিপায় মাথায় গামছা বেঁধে কৃষকের ছদ্মবেশে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. জাকির হোসেন। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া স্লুইসসংলগ্ন নদীর তীরের খাসজমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় অভিযান চালিয়ে দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এবং গলাচিপা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপসহকারী ভূমি কর্মকর্তা মো. জাকির হোসেন মাথায় গামছা বেঁধে কৃষকের ছদ্মবেশ ধারণ করেন। এ সময় বোয়ালিয়া স্লুইসসংলগ্ন নদীর তীরের খাসজমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় অভিযুক্ত দুজনকে হাতেনাতে আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন—মো. আলাউদ্দিন মৃধা, পিতা আলতাফ মৃধা, বাড়ি বাউফল উপজেলার আদাবাড়িয়া, দক্ষিণ মাধবপুর এবং রাকিব হাসান, পিতা সাইদুল ইসলাম, বাড়ি শেরপুর জেলার লালিতাবাড়ী উপজেলার নয়াবিল এলাকায়।


পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় অভিযুক্ত দুজনকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরবর্তীতে অভিযুক্তরা জরিমানার অর্থ পরিশোধ করেন।


নদীর তীরের সরকারি খাসজমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ মাটি কাটা নিয়ন্ত্রণ এবং সরকারি সম্পদ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?