- প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬ ০৬:৫৩ পিএম
শর্টসার্কিট থেকে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই তিন ভাইয়ের তিন বসতঘর
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, জমির দলিল, মামলার কাগজপত্র, আসবাবপত্রসহ ঘরের মূল্যবান মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত তিন পরিবারের দাবি, এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে পরিবার তিনটি। সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর আলীপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম আলীপুরা এলাকার সুলিজ বাজারের উত্তর-পশ্চিম পাশে মৃধা বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন, ইব্রাহিম মৃধা, নুরু মৃধা ও ইউনুস মৃধা স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রথমে ইব্রাহিম মৃধার বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দুই ভাই নুরু মৃধা ও ইউনুস মৃধার বসতঘরে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পার্শ্ববর্তী গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ফায়ার সার্ভিসের দল পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে তিনটি বসতঘর ও ঘরের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ইব্রাহিম মৃধা তার দুর্দশার কথা তুলে ধরে জানান, “আমার সম্বল বলতে ছিল ঘর আর কিছু জমিজমার দলিল ও মামলার কাগজপত্র। আজ অগ্নিকাণ্ডে সব পুড়ে গিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। মাথা গোঁজার মতো কোনো ঠাঁই নেই। কীভাবে কী হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারছি না।” গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আলীপুরা ইউনিয়নের মৃধা বাড়িতে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধা ও দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম। পরিদর্শন শেষে ইউএনও সংবাদকর্মীদের জানান, মৃধা বাড়িতে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ঘরের ব্যবহার্য জিনিসপত্র, আসবাবপত্র ও নগদ টাকাসহ সবকিছু আগুনে পুড়ে যাওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে তিনি ও ওসি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িকভাবে আর্থিক সহযোগিতা প্রদানের চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন ইউএনও। অগ্নিকাণ্ডে বসতঘর ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে পরিবার তিনটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি সহায়তা ও পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : সংসারের স্বচ্ছলতা ফেরাতে সুদূর তাইওয়ানে পাড়ি জমিয়েছিলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মো. আনিসুর রহমান (৫২);...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর দশমিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কার,...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!