শিরোনামঃ

মেহেন্দিগঞ্জ পাতারহাট বন্দরের অবৈধ দখল উচ্ছেদ করলেন উপজেলা প্রশাসন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরে অবৈধ দখল উচ্ছেদ করলেন উপজেলা প্রশাসন।   বুধবার সকাল ১০টা থেকে পরিচালিত বিশেষ উচ্ছেদ অভিযানে বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়, ফলে স্বস্তি ফিরে এসেছে সাধারণ পথচারী ও যানবাহন চালকদের মধ্যে। দীর্ঘদিন ধরে ভাসমান ও অনিয়ন্ত্রিত ব্যবসায়ীরা বন্দরের  ফুটপাত এবং সড়কের অংশ দখল করে ব্যবসা পরিচালনা করায় প্রতিদিনই তীব্র যানজট, জনদুর্ভোগ ও চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে পাতারহাট ফায়ার সার্ভিস এলাকা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সড়কটি দুপাশ দখলের ফলে সড়ক সংকুচিত হয়ে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌছেছে। পথচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজুর রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করে।


অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজুর রহমান বলেন, কয়েকজন মানুষের ব্যক্তিগত সুবিধার জন্য হাজারো মানুষের চলাচলের পথ বাধাগ্রস্ত হতে পারে না। মেহেন্দিগঞ্জের প্রায় সাড়ে তিন লাখ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। যারা অবৈধভাবে স্থাপনা গড়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জনগণের চলাচলের পথ উন্মুক্ত রাখা এবং যানজট নিরসনের মাধ্যমে একটি সুশৃঙ্খল ও নিরাপদ নগর পরিবেশ গড়ে তুলতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

অভিযানে মেহেন্দিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, তহশিলদার, সার্ভেয়ার, কানুনগো, পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। উচ্ছেদ অভিযান শেষে দখলমুক্ত ফুটপাত ও সড়ক দেখে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, প্রশাসনের নিয়মিত নজরদারির মাধ্যমে পাতারহাট বন্দরের শৃঙ্খলা বজায় থাকবে এবং জনসাধারণ নির্বিঘ্নে চলাচলের সুযোগ পাবে। ঐতিহ্যবাহী পাতারহাট বন্দরে প্রশাসনের এ অভিযানকে জনস্বার্থে একটি সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?