শিরোনামঃ

জমি নামজারি করতে গিয়ে  কাঠ ব্যবসায়ীর কারাদন্ড


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে জমির নামজারি করতে গিয়ে দুলাল বেপারী (৫৫) নামের এক কাঠ ব্যবসায়ীকে তিনমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জাল দলিল দিয়ে নামজারির চেস্টা করার অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) তাকে কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত দুলাল উপজেলার জঙ্গলপট্টি গ্রামের হানিফ বেপারীর ছেলে।


দন্ডপ্রাপ্ত দুলাল বেপারী জানান, দীর্ঘদিন আগে আমার ফুপুর কাছ থেকে ১.৪০ শতক জমি ক্রয় করে ভোগ দখল করে আসছি। ওই জমির নামজারি করার জন্য উপজেলা ভূমি অফিসে আবেদন করি। বৃহস্পতিবার (৪ জুন) ভূমি অফিসে শুনানি ছিলো। সেখানে কাগজপত্র নিয়ে হাজির হই। এসময় জাল দলিলের অভিযোগে আমাকে তিনমাসের কারাদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। তিনি আরও বলেন, আমি কোন জাল দলিল করিনি। আমাকে অন্যায় ভাবে সাজা দেওয়া হয়েছে।


এবিষয়ে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের কাছে ফোন করা হলে বিষয়টি “এসিল্যান্ড গৌরনদী” নামের ফেসবুক আইডি থেকে পোষ্ট করে বিস্তারিত উল্লেখ করা হয়েছে বলে জানান। “এসিল্যান্ড গৌরনদী” নামের ফেসবুক আইডি থেকে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি শুরুতে জাল দলিল দিয়ে নামজারির আবেদন করেন, বিষয়টি ধরা পড়লে তার কাছে সইমোহর চাওয়া হয়। বৃহস্পতিবার (৪ জুন) গণশুনানির সময় নতুন তৈরিকৃত সইমোহর নিয়ে জোর জবরদস্তি করেন। এসময় জাল দলিল দিয়ে নামজারি প্রচেষ্টা ও জোর জবরদস্তকরনের দায়ে মোবাইল কোর্টের আওতায় দুলাল বেপারী নামের একজনকে তিনমাসের কারাদন্ড প্রদান করা হয়। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, দন্ডপ্রাপ্তকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?