- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ১০:৫৪ পিএম
ফ্যামিলি কার্ডের জরিপে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ, নিয়োগ বাতিলের দাবি
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১২ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমে নিয়োজিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁদের নিয়োগ বাতিল করে স্থানীয় যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবি জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
এ দাবিতে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের কাছে লিখিত আবেদন করেছেন ১২ নম্বর ওয়ার্ডের স্থানীয় নেতারা।
আবেদনে উল্লেখ করা হয়, ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমে নিয়োগ পাওয়া কয়েকজন বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁদের কেউ কেউ আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের বিরোধিতা করেছেন বলেও অভিযোগ করা হয়।
আবেদনের সঙ্গে তথ্য সংগ্রহকারী মামুন অর রশিদের একটি ছবি সংযুক্ত করেছেন আবেদনকারীরা। তাঁদের দাবি, ছবিতে তাঁকে ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একটি মিছিলে মাইক হাতে স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়া সুপারভাইজার তাহমিনা আক্তার এবং তথ্য সংগ্রহকারী তামান্না আক্তার, মাইশা জাহান ও সুমাইয়া আক্তার মুনার বিরুদ্ধেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়েছে।
আবেদনকারীদের দাবি, ফ্যামিলি কার্ড সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচি। এর জরিপ কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক থাকলে কর্মসূচির স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই বিতর্কিত ব্যক্তিদের দায়িত্ব থেকে সরিয়ে আগে আবেদন করা স্থানীয় যোগ্য প্রার্থীদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মো. শাহাদাৎ খান বলেন, ‘আমরা প্রমাণসহ লিখিত আবেদন করেছি। বিগত সরকারের সময় আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি আমরা দেখেছি। ফ্যামিলি কার্ডের কথা বলে আমরা মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাইছি। সেখানে আওয়ামী লীগের একজন কর্মী ফ্যামিলি কার্ডের জরিপে দায়িত্ব পাবেন, এটি দুঃখজনক। যাঁরা পরীক্ষায় অংশ নিয়েছেন, তাঁরা মামুন অর রশিদের চেয়ে কোনো অংশে কম যোগ্য নন, বরং বেশি যোগ্য। আমাদের অভিযোগ, নিয়োগে অনিয়ম হয়েছে। আমরা চাই, বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক।’
বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির খান ফেরদৌস বলেন, ‘এখানে আমাদের দলের যোগ্য কর্মীরা বাদ পড়েছেন। অথচ ফ্যাসিস্টের সহযোগী হিসেবে পরিচিত ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে আমাদের আপত্তি রয়েছে। দ্রুত তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’
অন্যদিকে, বরিশাল সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার বলেন, এটি একটি নিয়োগ প্রক্রিয়া। নিয়োগের সময় তিনি দায়িত্বে ছিলেন না। এর আগে দায়িত্বে থাকা প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরেই নিয়োগ সম্পন্ন হয়েছে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের প্রশিক্ষণও শেষ হয়েছে। এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তর ব্যবস্থা নেবে বলে তিনি মনে করেন।
সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, প্রশাসকের সঙ্গে কথা বলে এ বিষয়ে করণীয় নির্ধারণ করবেন।
এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করেও সমাধান পাননি বলে দাবি করেছেন আবেদনকারীরা। তাঁদের অভিযোগ, নিয়োগ নিয়ে ওঠা প্রশ্নের সুষ্ঠু নিষ্পত্তি না হলে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে জনমনে সংশয় তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিটি করপোরেশন প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
এই বিভাগের আরো খবর
-
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজকে সারা দেশের মধ্যে একটি মডেল কলেজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে...
-
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ( ববি) ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার ( ২০২৬-২৭) কার্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে জিওলজি এন্ড...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের ২ হাজার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!