শিরোনামঃ

উজিরপুরে ছাত্রদল নেতা রাহাতের বিরুদ্ধে এআই দিয়ে অশ্লীল ছবি তৈরি ও হুমকির অভিযোগ

বরিশালের উজিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক প্রতিবাদমূলক পোস্টকে কেন্দ্র করে সাতলা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাফিন খন্দকার রাহাতের বিরুদ্ধে ফেসবুকের বিভিন্ন ফেক আইডি থেকে অশ্লীল বার্তা, হুমকি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত ছবি তৈরি করে প্রচারের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী রাফিন খন্দকার রাহাতের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়কার গণহত্যার বিচার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার পর থেকেই তিনি বিভিন্নভাবে হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন।

রাহাত জানান, তিনি দীর্ঘদিন ধরে জিয়া পরিবারের আদর্শের প্রতি আস্থা ও ভালোবাসা নিয়ে স্থানীয় সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশনায় দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘দেখা না দিলে বন্ধু, কথা কইও না’ লিখে একটি পোস্ট দেন। এরপর বিভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কয়েকজন তাকে ফোনে হুমকি দেন। পরিস্থিতির কারণে একপর্যায়ে তিনি পোস্টটি মুছে ফেলতে বাধ্য হন।

তার অভিযোগ, পরবর্তী সময়ে বিভিন্ন ফেক ও ব্যক্তিগত আইডি থেকে তাকে উদ্দেশ্য করে অশ্লীল বার্তা পাঠানো হচ্ছে। এমনকি এআই প্রযুক্তি ব্যবহার করে তার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্নভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছে।

রাহাত আরও জানান, বিষয়টি নিয়ে সংসদ সদস্য ও দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। একই ঘটনায় বরিশাল আদালতেও সাইবার অপরাধসংক্রান্ত মামলা করেছেন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, 'আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। অপরাধী যে-ই হোক, আইনের আওতায় আসা উচিত। আমি নিজেও কোনো অপরাধ করলে আইন অনুযায়ী বিচার মেনে নেব। সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, প্রকৃত ঘটনা অনুসন্ধান করে দেশবাসীর সামনে তুলে ধরুন।'

রাহাতের দাবি, যারা ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার, অশ্লীল ছবি প্রচার ও হুমকির সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: মিল্লাত হাওলাদার।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?