- প্রকাশিত: ১৩ মে ২০২৬ ০৩:২১ পিএম
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদারে বরিশালে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
সাকিব উল হক
বরিশাল
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত অগ্রাধিকারভিত্তিক কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদারের লক্ষ্যে বরিশালে গণমাধ্যমকর্মীদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা তথ্য অফিস পরিচালকের সভাকক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা তথ্য অফিস, বরিশাল।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনক, সিনিয়র আঞ্চলিক তথ্য অফিসার আহসান কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শহিদুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
বক্তারা জানান, বর্তমান সরকার ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত নির্বাচনি ইশতেহারে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি খাতের আধুনিকায়ন, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও নারীর ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দিয়েছে। ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা চালুর মতো গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত কৃষক কার্ড কর্মসূচি দেশের কৃষকদের জন্য একটি সমন্বিত ডিজিটাল পরিচয় ব্যবস্থা। ১৪ ডিজিটের এ কার্ডের মাধ্যমে কৃষকের জমির পরিমাণ, উৎপাদিত ফসল ও অন্যান্য কৃষিভিত্তিক তথ্য সংরক্ষণ করা হবে। এর ফলে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত সংশ্লিষ্ট সেবা দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে কৃষকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শহিদুল ইসলাম বলেন, বরিশালের নেছারাবাদে কৃষক কার্ড কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। বর্তমানে ১১টি ব্লকে এ কার্যক্রম চালু রয়েছে। প্রতিটি ব্লকে তিনটি ওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছে এবং প্রতি ব্লকে প্রায় ২ থেকে আড়াই হাজার কৃষক রয়েছেন। পর্যায়ক্রমে পুরো বরিশালে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। তিনি আরও জানান, সরকার নির্ধারিত পস মেশিনের মাধ্যমে কৃষকরা কৃষক কার্ড ব্যবহার করে সার ও কীটনাশক সংগ্রহ করতে পারবেন।
তিনি আরও বলেন, সরকার গঠনের পর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে কৃষি ব্যাংক ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান সম্ভাব্য সুবিধাভোগীদের তালিকা প্রস্তুতের কাজ করছে। এতে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
সহকারী তথ্য অফিসার জানান, নির্বাচনি ইশতেহারে ঘোষিত ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের লক্ষ্যে চলতি বছরের এপ্রিল মাস থেকে বিভিন্ন এলাকায় জরিপ ও খনন কার্যক্রম শুরু হয়েছে।
এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার “এক কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী পাঁচ বছরে প্রায় ৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নুরুল আলম ফরিদ বর্তমান সরকারের গৃহীত এসব উন্নয়নমূলক কার্যক্রমের সফলতা কামনা করেন। একই সঙ্গে তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করে সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে তথ্য অফিসের সঙ্গে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ব্যাপকভাবে প্রচারের জন্য গণমাধ্যমকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!