শিরোনামঃ

বরগুনায় পুলিশ ব্যারাকে কনস্টেবলের মরদেহ উদ্ধার, কক্ষ থেকে মিলল চার পৃষ্ঠার চিরকুট

বরগুনার তালতলী উপজেলায় পুলিশ ব্যারাকে মো. ফারুক হোসেন গাজী (৫৫) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চার পৃষ্ঠার চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে তিনি উল্লেখ করেছেন, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”। তবে আত্মহত্যার পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। 

রবিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে তালতলী থানার পুলিশ ব্যারাকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদ। নিহত ফারুক হোসেন গাজী ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার আংগারিয়া এলাকার রতন আলী গাজীর ছেলে। তিনি তালতলী থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।


পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতের ডিউটি শেষে রবিবার সকাল ৮টার দিকে ফারুক গাজী থানার ব্যারাকে ফিরে আসেন। পরে কোনো এক সময় তিনি কীটনাশক বা গ্যাস ট্যাবলেট জাতীয় বিষাক্ত পদার্থ সেবন করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অসুস্থ অবস্থায় সকাল ৯টার দিকে ব্যারাকে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার পর তার কক্ষ থেকে উদ্ধার করা চার পৃষ্ঠার চিরকুটে তিনি লিখেছেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার নিজের ইচ্ছায় মৃত্যু মেনে নিচ্ছি। অযথা কাউকে হয়রানি করা হবে না। এছাড়া পরিবারের সদস্যদের অযথা হয়রানি না করার অনুরোধও করেন তিনি। 

এবিষয়ে লেখার আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদ বলেন, সকাল ৯টার দিকে থানার তদন্ত কর্মকর্তা জানতে পারেন যে একজন পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইসিজির মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আত্মহত্যার পেছনের কারণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে। উদ্ধার হওয়া চিরকুটে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। 

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?