শিরোনামঃ

বরগুনা-২ আসনের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন


মাসুদ রেজা ফয়সালঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বরগুনা-২ (বামনা-পাথরঘাটা) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বামনা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার পলাশ আহমেদের কার্যালয়ে দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আলহাজ্ব নুরুল ইসলাম (মনি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ডা. সুলতান আহমেদ মনোনয়নপত্র দাখিল করেন।

দুপুরে বামনা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে দোয়া ও মোনাজাত শেষে বেলা ১টা ২৫ মিনিটে বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তিনি বলেন, “এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ ভোটাধিকার ফিরে পাবে। বিএনপি সারাদেশের মতো বরগুনা-২ আসনেও নির্বাচনী আচরণবিধি মেনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের পাশে থেকে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করবে, ইনশাআল্লাহ।”

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য রুহুল আমিন।


অন্যদিকে, পাথরঘাটা উপজেলায় মনোনয়নপত্র দাখিল শেষে বিকেলে বামনা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন, বামনা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ সাইদুর রহমান এবং সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর।

মনোনয়নপত্র দাখিল শেষে ডা. সুলতান আহমেদ বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তার দল সর্বাত্মক সহযোগিতা করবে। নির্বাচিত হলে তিনি এলাকার সব ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের ন্যায্য অধিকার আদায় এবং সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এ সময় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ও সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মাইনুল হোসেন, বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

 

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?