বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ ও ইউপিজি সদস্যদের সম্পদ হস্তান্তর করল ব্র্যাক

বরিশালের বানারীপাড়া উপজেলায় ব্র্যাকের উদ্যোগে স্বপ্ন সারথি কর্মসূচির কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ এবং আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) কর্মসূচির সদস্যদের মধ্যে সম্পদ হিসেবে গরু ও ছাগল হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৫ জুন) ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বরিশাল-০১ অঞ্চলের (দাবি+) উদ্যোগে বানারীপাড়া উপজেলার চাখার এলাকা অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ তনয় সিংহ। সভাপতিত্ব করেন ব্র্যাকের রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক বিভাষ চন্দ্র তরফদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রিসান রেজা মো. সাহেদ, এএম (এমএফ-দাবি) মো. আহসান হাবিব, ইউএএম মো. মোস্তাফিজুর রহমান, ডিএম-ইউপিজি কৃষিবিদ মো. দেলোয়ার হোসেন, ইএসআই-ইউপিজি অতিভাভ রায়, ইয়াং প্রফেশনাল খন্দকার রবিন, এএম-বিএইচপি গীতা রানী বিশ্বাসসহ ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারা। প্রধান অতিথি পরে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময়ও করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বপ্ন সারথি কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ তাদের আয় সৃষ্টির সুযোগ বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে সহায়ক হবে। একই সঙ্গে ইউপিজি কর্মসূচির মাধ্যমে অতি দরিদ্র পরিবারের কাছে উৎপাদনমুখী সম্পদ পৌঁছে দিয়ে দারিদ্র্য বিমোচনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান ব্র্যাকের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, মাইক্রোফাইন্যান্সের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ব্র্যাক অন্য প্রতিষ্ঠানের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি অতি দরিদ্র পরিবার বাছাই প্রক্রিয়া ও গ্র্যাজুয়েশন মডেল নিয়েও সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?