শিরোনামঃ

বিএনপির সভাপতি হুমায়ুন কবির সেলিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 'আল-আমিন ও তার পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি


নিজস্ব প্রতিবেদক,ভোলা:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির সেলিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে বক্তারা ভূমি দখল, নারী-সংক্রান্ত বিতর্ক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত আল-আমিন ও তার পরিবারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রবিবার (২ আগস্ট) বিকেলে বোরহানগঞ্জ বাজারে পক্ষিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির আহ্বায়ক সদস্য জসিম উদ্দিন মাতব্বর, আহ্বায়ক সদস্য মো. শফিকুল ইসলাম, নুরুদ্দিন হাওলাদারসহ স্থানীয় বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, 'চ্যানেল ভোলা' নামে একটি অনলাইন পেইজে প্রকাশিত সংবাদে হুমায়ুন কবির সেলিমকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের দাবি, একটি পারিবারিক বিরোধকে ইচ্ছাকৃতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করে বিএনপি নেতা হুমায়ূন কবির সেলিম কে  সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা চালানো হয়েছে।

বক্তাদের ভাষ্য অনুযায়ী, আল-আমিনের স্ত্রী আফসানা স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে সাংসদ হাফিজ ইব্রাহিমের কাছে যান। পরে তার নির্দেশনায় হুমায়ুন কবির সেলিম, জসিম উদ্দিন মাতব্বর, নুরুদ্দিন হাওলাদার, মো. শফিকুল ইসলাম, সদস্য সচিব লোকমান হাওলাদার, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদকসহ কয়েকজন বিষয়টি মীমাংসার দায়িত্ব পান। অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে ডেকে সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয় বলে তারা জানান।

সমাবেশে বক্তারা আরও দাবি করেন, আল-আমিন দীর্ঘদিন ধরে নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ভূমি দখল, নারী-সংক্রান্ত অভিযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। তারা আরও বলেন, বোরহানগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ইকবাল রহমান চৌধুরীর সন্তান পরিচয় দিলেও প্রকৃতপক্ষে তিনি তার ওরসজাত সন্তান নন। এ বিষয়ে রানা চৌধুরী পূর্বেও স্থানীয় নেতৃবৃন্দের কাছে অভিযোগ দিয়েছেন বলেও বক্তারা উল্লেখ করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, আল-আমিনের পরিবারের অভ্যন্তর থেকেও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এসব অভিযোগ দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা বলেন, "মিথ্যা অপপ্রচার চালিয়ে বিএনপি নেতাদের সম্মান ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।" একই সঙ্গে তারা অপপ্রচারকারীদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

পরে বিক্ষোভ মিছিলটি বোরহানগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আল-আমিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?