শিরোনামঃ

শেকড়ের টানে ফিরে এলেন সাফল্যের শীর্ষে—পুলিশ ক্যাডারে প্রথম বাচ্চু রহমানকে সংবর্ধনা।


রুস্তম ফারাজী, কেশবপুর।


বাংলাদেশ পুলিশ ক্যাডারে প্রথম স্থান অধিকার করে দেশের গৌরবময় এক অর্জনের স্বাক্ষর রেখেছেন কেশবপুরের কৃতি সন্তান বাচ্চু রহমান। সাফল্যের এই অনন্য মুহূর্তে নিজের শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠান কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে আন্তরিক সংবর্ধনা।

বাচ্চু রহমান একসময় এই বিদ্যালয়েরই একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। জীবনের পথচলায় নানা ধাপ পেরিয়ে আজ তিনি সরকারের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা। দায়িত্ব ও সাফল্যের ব্যস্ততায় নিজেকে হারিয়ে ফেলেননি তিনি; বরং নিজের শিকড়, শৈশবের স্মৃতি এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা এখনো আগের মতোই অটুট রেখেছেন। তাঁর এই সাফল্যে আনন্দিত কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা। সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর সাফল্য শুধু তার নিজের অর্জন নয়—এটি তার পরিবার, শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানেরও গর্ব। বাচ্চু রহমানের সাফল্য কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষাজীবনের শুরুতে যে বিদ্যালয়ের আঙিনায় তার স্বপ্নের বীজ বোনা হয়েছিল, আজ সেই বিদ্যালয়েই ফিরে এসে সম্মাননা গ্রহণ করলেন তিনি। সময় বদলেছে, দায়িত্ব বেড়েছে, পরিচিতি ছড়িয়েছে বহুদূর তবু শেকড়ের প্রতি তাঁর টান যেন একটুও মলিন হয়নি। বাচ্চু রহমানের এই সাফল্য কেশবপুরবাসীর জন্য যেমন গর্বের, তেমনি কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের জন্যও এক আবেগঘন অধ্যায়। তাঁর অর্জন ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণে নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে—এমন প্রত্যাশা সবার।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?