শিরোনামঃ

বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন: আলোচনা সভা, সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


​মাসুদ রেজা ফয়সাল:

বরগুনার বামনায় যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বামনা উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, জুলাই শহীদদের স্বজন ও আহত যোদ্ধাদের সংবর্ধনা, দোয়া মাহফিল এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

​বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ নিকহাত আরা।

​উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালা উদ্দিন হাওলাদার, বামনা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ইদ্রিস আহম্মেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসমিন। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য দেন শহীদ জুলাই যোদ্ধা মোঃ শাকিলের মা মোসাঃ হেলেনা বেগম, শহীদ মোঃ ইসাহাকের চাচা মোঃ আনোয়ার হোসেন, আহত জুলাই যোদ্ধা মোঃ নুর হোসাইন ও মোঃ মোস্তাফিজুর রহমান রাজিবসহ অন্যান্যরা।

​আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​এর আগে দিবসটি উপলক্ষে সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয় 'জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ভূমিকা'। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় অংশগ্রহণ করে।

​উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার ঐতিহাসিক ভূমিকা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতেই এই বিস্তারিত কর্মসূচির আয়োজন করা হয়েছে।

​অনুষ্ঠানে স্থানীয় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সংগ্রামী ছাত্র-জনতা, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?