শিরোনামঃ

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে বরিশালে সচেতনতামূলক আলোচনা সভা

 

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে বরিশালে সরকারি শিশু পরিবারের কিশোরীদের নিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR), সাইবার বুলিং এবং প্রযুক্তির মাধ্যমে সংঘটিত লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সরকারি শিশু পরিবার (দক্ষিণ), বরিশালে এ কার্যক্রমের আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি (আভাস) বাস্তবায়িত ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের আওতায় রেডঅরেঞ্জের উদ্যোগে এবং অ্যামপ্লিফাই চেইঞ্জের সহযোগিতায় এ আয়োজন করা হয়। পাশাপাশি কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে স্থাপন করা হয় ‘মাসিক স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও স্যানিটেশন কর্নার’।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আভাসের সহকারী নির্বাহী পরিচালক জান্নাতুন নাঈম ঐশী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর নুসরাত জাহান পিকলি এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র, বরিশালের চিকিৎসক ডা. তানজিলা তাজিন। এ ছাড়া সরকারি শিশু পরিবার (দক্ষিণ), বরিশালের উপ-তত্ত্বাবধায়ক ফারজানা রহমান, শিশু পরিবারের কিশোরী এবং আভাসের স্বেচ্ছাসেবক ও সহকারীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বয়ঃসন্ধিকালের শারীরিক ও মানসিক পরিবর্তন, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, বাল্যবিবাহ ও অল্প বয়সে গর্ভধারণের স্বাস্থ্যঝুঁকি, সম্মতি, ব্যক্তিগত সীমারেখা এবং স্বাস্থ্যসেবা গ্রহণের অধিকার নিয়ে আলোচনা করা হয়।

এ সময় অনলাইন হয়রানি, ভুয়া অ্যাকাউন্ট, ব্যক্তিগত ছবি ও তথ্যের অপব্যবহার এবং ব্ল্যাকমেইল থেকে সুরক্ষার উপায় তুলে ধরা হয়। অনলাইনে হয়রানির শিকার হলে ডিজিটাল প্রমাণ সংরক্ষণ, সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে অভিযোগ জানানো এবং প্রয়োজনে আইনগত সহায়তা নেওয়ার বিষয়ে কিশোরীদের পরামর্শ দেওয়া হয়।

কিশোরীদের জন্য স্থাপিত ‘মাসিক স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও স্যানিটেশন কর্নার’ স্বাস্থ্যবিষয়ক আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও সচেতনতা বৃদ্ধির সহায়ক পরিসর হিসেবে কাজ করবে। এর কার্যক্রম পরিচালনায় কিশোরীদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

আয়োজকেরা বলেন, কিশোরীদের নিজেদের স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। কোনো ধরনের হয়রানি বা নির্যাতনের শিকার হলে নীরব না থেকে বিশ্বস্ত ব্যক্তি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নিতে হবে।

অনুষ্ঠানের মূল বার্তা ছিল, ‘লজ্জা নয়, সচেতনতা—নিজের স্বাস্থ্য জানো, নিজের অধিকার বোঝো, সুস্থ ও নিরা

পদ থাকো।’

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?