শিরোনামঃ

স্বামীর জীবন বাঁচাতে কিডনি  দান, সেই শিক্ষক দম্পতির  অস্ত্রপচার শুরু


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ ভালোবাসা কেবল শব্দের অলঙ্কার নয়, আত্মত্যাগের এক মহান নিদর্শন-এ সত্যকে আবারও নতুন করে প্রমাণ করলেন বরিশালের গৌরনদী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মন্দিরা রানী পাল। কিডনি রোগে আক্রান্ত স্বামী গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সুদাম পালকে সুস্থ করে তুলতে নিজের একটি কিডনি দেওয়ার অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শিক্ষক সুদাম পালের ঘনিষ্ট বন্ধু গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানান, ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ শিক্ষক দম্পতির সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। ২০১৯ সালে কিডনি রোগে আক্রান্ত হন সুদাম। এরপর তাদের সুখের সংসারে এক কালো ছায়া ফেলে। দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসার পর চিকিৎসকেরা সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। সর্বত্র চেষ্টা করেও উপযুক্ত ডোনার না পেয়ে শেষ পর্যন্ত স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি বিলিয়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন সুদামের স্ত্রী মন্দিরা রানী পাল।

শিক্ষক সুদাম পালের শ্যালক ভারতে অবস্থানরতম সবুজ কুমার পাল জানান, আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসার পরবর্তী কার্যক্রম শুরু হয়। ওই হাসপাতালের ডিপার্টমেন্ট অফ ইউরোলজি, কিডনি ট্রান্সপ্লাটেশন, রোবাটিক এন্ড ইউরোঅনকোলজির চেয়ারম্যান প্রফেসর ডা. অনন্ত্ কুমারের তত্ত্বাবধানে চিকিৎসা অব্যাহত থাকে। দীর্ঘদিন ফলোআপের পর মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতের সময় সকাল সাড়ে আটটা থেকে ওই হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচারের শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ত্রপচার চলছে।

এদিকে শিক্ষক স্বামীর জন্য স্ত্রীর কিডনি দানের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার উপজেলাজুড়ে প্রশংসায় ভাসছেন মন্দিরা রানী পাল। অনেকেই এটিকে ভালবাসার অন্যন্য নজির বলে অভিহিত করে তাদের সুস্থতার জন্য আর্শিবাদ করেছেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?