- প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ০১:০৩ পিএম
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়, বানারীপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম জাকির
বরিশাল: শোষণমুক্ত, মাদকমুক্ত, শিক্ষিত ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি ও শিক্ষাবিদ অধ্যাপক মো. আমিনুল ইসলাম (জাকির)। দীর্ঘ শিক্ষকতা ও রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতে চান তিনি। এ লক্ষ্যে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
আমিনুল ইসলাম জাকিরের রাজনৈতিক ও সামাজিক ভাবনার মূল প্রতিপাদ্য ‘সবার আগে বাংলাদেশ’। তাঁর পরিকল্পনায় রয়েছে শিক্ষার প্রসার, মাদক নিয়ন্ত্রণ, কৃষির আধুনিকায়ন, দারিদ্র্য বিমোচন এবং স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা। একই সঙ্গে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড উদয়কাঠী ইউনিয়নে বাস্তবায়ন ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
১৯৭৪ সালে উদয়কাঠী ইউনিয়নে জন্মগ্রহণ করেন আমিনুল ইসলাম জাকির। শিক্ষাজীবন শেষে শিক্ষকতা পেশায় যুক্ত হন তিনি। বর্তমানে ঐতিহ্যবাহী সৈয়দ বজলুল হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন তিনি।
১৯৮৭ সালে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।
আমিনুল ইসলাম জাকির মনে করেন, শিক্ষার প্রসার ছাড়া একটি উন্নত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ, তরুণ প্রজন্মের নৈতিক বিকাশ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক অগ্রগতিকে গুরুত্ব দিতে চান তিনি। তাঁর লক্ষ্য এমন একটি সমাজ প্রতিষ্ঠা, যেখানে সবাই সমান সুযোগ ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন।
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করাকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছেন এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। এ ক্ষেত্রে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উদ্যোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর। যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গঠনমূলক কাজে সম্পৃক্ত করার ওপরও জোর দিতে চান তিনি।
কৃষিপ্রধান উদয়কাঠী ইউনিয়নের অর্থনৈতিক উন্নয়নে কৃষকদের জীবনমান পরিবর্তনকে গুরুত্বপূর্ণ মনে করেন আমিনুল ইসলাম জাকির। তাঁর পরিকল্পনায় রয়েছে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নতমানের বীজ ও সার সহজলভ্য করা, মাটি পরীক্ষার ভিত্তিতে চাষাবাদ এবং উন্নত সেচব্যবস্থা নিশ্চিত করা।
এ ছাড়া জলবায়ু সহনশীল ফসল উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নেও কাজ করতে চান তিনি।
স্থানীয় সরকারকে সাধারণ মানুষের সেবার প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে চান আমিনুল ইসলাম জাকির। তাঁর মতে, ইউনিয়ন পরিষদের সেবা ও সরকারি সহায়তা কোনো বিশেষ গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে হবে। এ জন্য সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা, দুর্নীতি ও স্বজনপ্রীতি প্রতিরোধ এবং নাগরিক সেবায় জবাবদিহি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তাঁর।
পাশাপাশি হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
উদয়কাঠী ইউনিয়নের উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছেন এই বিএনপি নেতা। বিশেষ করে বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস. শরিফ উদ্দিন আহমেদ সান্টুর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা এবং তাঁর সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
আসন্ন নির্বাচনে ইউনিয়নবাসীর উদ্দেশে আমিনুল ইসলাম জাকির বলেন, ক্ষমতা বা পদ-পদবির জন্য নয়, দীর্ঘ শিক্ষকতা ও রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উদয়কাঠীকে একটি আধুনিক, শিক্ষিত, মাদকমুক্ত ও বৈষম্যহীন ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। কৃষির উন্নয়ন, সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি টেকসই সমাজ নির্মাণই আমার লক্ষ্য। এ উদ্যোগ বাস্তবায়নে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে। শিক্ষক সংকট...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরের গংগাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে গংগাচড়া মডেল থানা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!