খালেদা জিয়া প্রত্যেকের জীবনে     একজন শিক্ষক হয়ে থাকবেন     - জহির উদ্দিন স্বপন




গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:


বিএনপির সদ্য সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন-দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রত্যেকের জীবনে একজন শিক্ষক হয়ে থাকবেন। তার কাছেই আমরা শিখেছি কখন আপসহীন হতে হয়, কখন মৃত্যুর ঝুঁকি নিতে হয় আবার কখন স্বৈরতন্ত্র আর ফ্যাসিবাদের বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ ছুড়তে হয়, কখন পরাজিত শত্রুকে ক্ষমা করতে হয়।


 


তিনিই আমাদের শিখিয়েছেন নেতৃত্ব কোন রাজ মুকুট নয়, নেতৃত্ব কোন রাজ সিংহাসন নয়। আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের কাছে বেগম খালেদা জিয়া সারাজীবন অনুকরণীয় অনুসরণীয় হয়ে থাকবেন। তার প্রত্যেকটি বৈশিষ্ট্যকে আমরা চর্চা করতে পারি। 



তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শনিবার (১০ জানুয়ারি) বিকেলে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে দলমত, ধর্মবর্ন নির্বিশেষে গৌরনদীবাসীর ব্যানারে নাগরিক শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি আরো বলেছেন-জীবিত খালেদা জিয়ার চেয়েও মৃত খালেদা জিয়া অনেক বেশি শক্তিশালী হওয়ায় মৃত্যুর পরেও তিনি (খালেদা জিয়া) বাংলার জননীতে রূপান্তরিত হয়েছেন। তার দৃঢ় নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তার মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।



বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল ও গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক সভাপতি আলহাজ আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাফিজুর রহমান সিকদার, সদস্য সচিব বশির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, গৌরনদী ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার লিটন ফ্রান্সিস গোমেজ, হিন্দু সম্প্রদায়ের নেতা ও সাবেক এএসপি শান্তনু ঘোষ সহ অন্যান্যরা। 



সবশেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। নাগরিক শোকসভা ও দোয়া-মোনাজাতে গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলা বিএনপির ও তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ দলমত, ধর্মবর্ন নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।  



অনুষ্ঠানের শুরুতে সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন শোক বইতে স্বাক্ষর করে মাসব্যাপী শোক বইয়ের স্বাক্ষর গ্রহণ কর্মসূচির উদ্বোধণ করেছেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?