- প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫ ১০:৩১ পিএম
হাউজ টিউটরদের অনুপস্থিতিতে ছাত্রী হলে বিপর্যস্ত আবাসিক জীবন
ওয়াহিদ উন নবী, ববি প্রতিনিধিঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী আবাসিক হল ‘তাপসী রাবেয়া বসরী হলে’ নিয়মিতভাবে হাউজ টিউটরদের অনুপস্থিতি এখন শিক্ষার্থীদের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের জরুরি প্রশাসনিক কার্যক্রমে যেমন লেইট ফর্ম জমা, কক্ষ পরিবর্তন বা স্বাস্থ্যজনিত সমস্যায় সহায়তা পেতে গিয়ে শিক্ষার্থীরা হচ্ছেন বারবার হয়রানির শিকার।
বিশ্ববিদ্যালয়ের নীতিমতে, নির্ধারিত সময়ের পরে হলে প্রবেশ করতে হলে শিক্ষার্থীদের ‘লেইট ফর্ম’ পূরণ করে হাউজ টিউটরের স্বাক্ষর নিতে হয়। কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ—টিউটরদের হলে পাওয়া যায় না বললেই চলে। ফলে তারা বাধ্য হয়ে সংশ্লিষ্ট বিভাগে গিয়ে খুঁজে ফেরেন সেই শিক্ষককে, যিনি হয়তো তখন ক্লাসে কিংবা অন্য কাজে ব্যস্ত।
একজন শিক্ষার্থী জানান, “রাত হয়ে গেলে হলে ঢুকতে লেইট ফর্ম লাগে, কিন্তু তখন হাউজ টিউটরকে পাওয়া যায় না। শুধু একটা স্বাক্ষরের জন্য পুরো দিন দৌড়াতে হয়।”
শুধু তাই নয়, কারো কক্ষ পরিবর্তনের প্রয়োজন হলে, কোনো জরুরি স্বাস্থ্য সমস্যা দেখা দিলে কিংবা আচরণগত নিরাপত্তার দরকার হলেও টিউটরদের অনুপস্থিতি শিক্ষার্থীদের একা করে দেয় এক সংকটময় বাস্তবতায়। অনেক শিক্ষার্থী মনে করেন—হাউজ টিউটরদের হলে নির্দিষ্ট সময়ে নিয়মিত উপস্থিতি থাকলে এসব সমস্যা অনেকটাই কমে যেত।
এ বিষয়ে ২য় তলার আবাসিক শিক্ষক ড. নাহিদা আক্তার বলেন, “আমার একাধিক দায়িত্ব থাকায় প্রতিদিন হলে যাওয়া সম্ভব হয় না। আমি বিভাগে বসেই স্বাক্ষর দিই। তবে স্থায়ী সমাধানে জনবল বাড়াতে হবে কিংবা পূর্ণাঙ্গ আবাসিক শিক্ষক নিয়োগ দিতে হবে।”
৩য় তলার টিউটর সুরাইয়া আক্তার বলেন, “ছুটির দিনগুলোতে হলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু একাডেমিক ও প্রশাসনিক চাপ বড় বাধা। নির্দিষ্ট সময় নির্ধারণ করা হলে আরও সময় দিতে পারব।”
৫ম তলার শিক্ষক শারমিন সুলতানা বলেন, “চেষ্টা করি পাশে থাকার, কিন্তু বাস্তব সংকট আছে। কাজের চাপ ও জনবল সংকট থেকে সমস্যার সৃষ্টি।”
হলের প্রভোস্ট ড. শারমিন আক্তার জানান, “শিক্ষকরা আন্তরিক হলেও শিক্ষক সংকট ও ক্লাসের চাপের কারণে নিয়মিত হলে থাকা সম্ভব হচ্ছে না। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যাও পর্যাপ্ত নয়।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম আশ্বাস দিয়ে বলেন, “শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হবে। প্রভোস্ট ও হাউজ টিউটরদের সঙ্গে বসে একটি কার্যকর সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হবে।”
এই বিভাগের আরো খবর
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!