শিরোনামঃ

বরিশালে অস্ত্র-ইয়াবাসহ ইউপি সদস্য ‘মাদক সম্রাট’ রাসেল মেম্বার গ্রেফতার


শাকিব উল হক

বরিশাল প্রতিনিধি 


বরিশাল সদর উপজেলার ৩নং চরবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য ও দীর্ঘদিনের চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল হালদার ওরফে রাসেল মেম্বারকে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে তিন সহযোগীসহ আটক করা হয় তাকে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


গ্রেফতার হওয়া অন্যরা হলেন— রুবেল সরদারের ছেলে মো. রাব্বি সরদার (২৪), বেল্লাল ফকিরের ছেলে মো. মামুন ফকির (২৫) ও লাল মিয়া বেপারীর ছেলে শাওন বেপারী (২৫)। সকাল ৭টার দিকে চরবাড়িয়া গাজীর খেয়াঘাট সংলগ্ন একটি বিল থেকে ডিবি পুলিশের ধাওয়া শেষে তাদের আটক করা হয়।


বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) সুশান্ত সরকার জানান, রাসেলের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ একাধিক মামলার অভিযোগ বহুদিনের। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে পালানোর সময় ইন্সপেক্টর সগীরের নেতৃত্বে থাকা দল তাকে ধরে ফেলে। তার এক সহযোগী ‘ল্যাপটপ বাবু’সহ কয়েকজন এখনো পলাতক রয়েছে, যাদের ধরতে অভিযান চলছে।


পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দেড় যুগ ধরে রাসেল মাদক ব্যবসায় জড়িত। স্থানীয় আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠজন হওয়ায় ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর সে প্রকাশ্যে মাদক বিক্রি শুরু করে এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও অর্থের জোরে এলাকায় ক্ষমতাধর হয়ে ওঠে।


পুলিশ কমিশনার শফিকুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদক ব্যবসায়ীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেন। রমজান মাসে কাশিপুরের আরেক চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেলকে গ্রেফতারের পর এবার চরবাড়িয়ার রাসেলও পুলিশের জালে ধরা পড়ল।


পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাসেলের কাছে অবৈধ রিভলভার থাকার তথ্যও মিলেছে। এ বিষয়ে অভিযান ও জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি, সমাজ থেকে মাদক নির্মূলে গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?