শিরোনামঃ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা


বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে আন্তঃবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা-২০২৬। রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ২য় তলায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিস আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। 
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অত্যন্ত বেশি। একটি বিশ্ববিদ্যালয়ে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম নিয়মিতভাবে চালু রাখা প্রয়োজন। সীমিত সক্ষমতার মধ্যেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার কার্যক্রম অব্যাহত রাখা হবে এবং ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর চেষ্টা করা হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান ফিজিবিলিটি স্টাডির কাজ শেষ করে দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে আধুনিক জিমনেসিয়াম, অডিটোরিয়ামসহ প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান। উপাচার্য মহোদয় আরও বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতার জন্য নয়, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, অধ্যবসায় ও সুন্দর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের জীবন সাধারণত একটি নিয়ম-শৃঙ্খলার মধ্যে পরিচালিত হয়, যা তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের পরিচালক মো. সিরাজিস সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সহকরী প্রক্টর ড. গাজী মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী প্রক্টর মোহাম্মদ সাকিবুল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শারীরিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এবারের ইনডোর গেমস প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী) ২০২৬ এর দাবা, টেবিল টেনিস ও ক্যারাম ইভেন্টে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে আগামী ১ অক্টোবর (বৃহস্পতিবার)।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?