- প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬ ০৫:০৪ পিএম
বরগুনায় চোরাই মালামালের অভিযোগে দুই বোন গ্রেপ্তার' উদ্ধার ৯ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনায় চোরাই মালামাল সংরক্ষণ ও ক্রয়-বিক্রয়ের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা, ৬ ভরি ১১ আনা ৫ রতি স্বর্ণালংকার এবং চোরাই সন্দেহে একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও দুই ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।
এর আগে বুধবার (২৯ জুলাই) বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই নারী হলেন, আদাবাড়িয়া গ্রামের সোহেলের স্ত্রী মোসা. খাদিজা (৪০) এবং ইব্রাহীমের স্ত্রী মোসা. মরিয়ম (৩৫)। তারা সম্পর্কে আপন বোন।
পুলিশ জানায়, একটি চোরাই অটোরিকশা উদ্ধারের জন্য মঙ্গলবার দিবাগত রাতে আদাবাড়িয়া গ্রামের সোহেল খাদিজা দম্পতির বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল পালিয়ে যান। পরে বাড়ির সামনে লুকিয়ে রাখা একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
এরপর স্থানীয়দের উপস্থিতিতে সোহেল-খাদিজার ঘরে তল্লাশি চালায় পুলিশ। এ সময় জরাজীর্ণ ঘরের ভেতরে একটি নতুন আলমিরা দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয়। আলমিরাটি কার জানতে চাইলে খাদিজা জানান, সেটি তার নয়, তার বোন মরিয়মের। পরে মরিয়মের বাড়িতে অভিযান চালিয়ে আলমিরার চাবিসহ তাকে খাদিজার বাড়িতে নিয়ে আসে পুলিশ। চাবি দিয়ে আলমিরা খোলার পর সেখান থেকে নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা এবং ৬ ভরি ১১ আনা ৫ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে খাদিজা ও মরিয়মকে গ্রেপ্তার করা হয়। তবে খাদিজার স্বামী সোহেল পালিয়ে যান।
পুলিশ জানায়, এ ঘটনায় চুরি, চোরাই মালামাল সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ের অভিযোগে মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, মরিয়মের পাকা বাড়ি হলেও তিনি তার বোনের কুঁড়েঘরে নতুন আলমারির মধ্যে টাকা ও স্বর্ণালংকার রেখেছিলেন, যাতে কারও সন্দেহ না হয়। উদ্ধার হওয়া টাকা ও স্বর্ণালংকারের বিষয়ে আমরা তথ্য নিয়ে জানতে পেরেছি, মরিয়মের স্বামী ইব্রাহীম ঢাকায় সিএনজি চালক হিসেবে কাজ করেন এবং তার বিরুদ্ধে চুরি, মলম পার্টি ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ ও স্বর্ণালংকার নিরাপদে রাখার জন্যই সেগুলো সেখানে রাখা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা। উদ্ধার হওয়া টাকা ও স্বর্ণালংকার আইন অনুযায়ী জব্দ করা হয়েছে।
এবিষয়ে পুলিশ সুপার জানান, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও চোরাই মালামাল উদ্ধারে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে নয়াদিল্লি। তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পৌরশহর মানেই উন্নত সড়ক, কার্যকর ড্রেনেজ, বিশুদ্ধ পানির নিশ্চয়তা, পরিচ্ছন্ন পরিবেশ ও নিরাপদ নাগরিক জীবন। কিন্তু...
-
ভোলা প্রতিনিধি ॥ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা এলাকায় এক মাদ্রাসা শিক্ষার্থীর ওপর হামলা, মাদ্রাসায় ভাংচুর গুরুতর জখমের ঘটনায় অভিযুক্তদের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!