শিরোনামঃ

আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ী ও বণিক সমিতির সাথে থানা ওসির মতবিনিময়


​মাসুদ রেজা ফয়সাল:

বরগুনার বামনা উপজেলা সদরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, চুরি-ডাকাতি রোধ এবং ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ী ও বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯টায় বামনা থানা প্রশাসনের উদ্যোগে থানা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

​বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা বণিক সমিতির সভাপতি মোঃ আব্দুস জলিল খান।

​সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা জোরদার ও ব্যবসায়ী সমাজের নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা করা হয়। বক্তারা উপজেলার রাত্রিকালীন পাহারা জোরদার করা, সিসিটিভি ক্যামেরার আওতা বাড়ানো এবং পুলিশি টহল জোরদার করার ব্যাপারে ওসির দৃষ্টি আকর্ষণ করেন।

​ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন খান ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, "বামনা সাহেব বাড়ি বাজারকে সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায় আনার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রাতে পাহারাদারদের পাশাপাশি আমাদের পুলিশ সদস্যরাও আপনাদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে এবং আমি নিজেও রাতের টহল তদারকি করছি।"

​ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ওসি আরও বলেন, "আমার নজরে এসেছে, অনেক দোকানদার ভাইরা সাটারের দুই তালার পরিবর্তে একটি তালা লাগিয়ে রাখেন এবং রাতে দোকানের সামনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখেন না। এখন থেকে রাতে দোকানের সামনে আলো জ্বালিয়ে রাখা বাধ্যতামূলক। যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে তাৎক্ষণিকভাবে পুলিশকে তথ্য দিয়ে সাহায্য করুন।"

​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন হাওলাদার, ২ নং বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, আসমাতুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ শহিদুল ইসলাম, বণিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রায়হান নাজির ধলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী হাসান সুমন হাওলাদার, সিনিয়র সদস্য মোঃ কামরুজ্জামান, বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ বাসির মোল্লা, সহ-সভাপতি মোঃ কুদ্দুস হাওলাদার, উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আজমল খান এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সজিব হোসেন মুন্না।

​ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির সিকদার, মোঃ সিদ্দিকুর রহমান মান্নান, মোঃ মাঈনুদ্দীন এবং স্বর্ণ ব্যবসায়ী প্রতিনিধি দিলিপ কর্মকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সভায় উপস্থিত ব্যবসায়ী ও নেতৃবৃন্দ বামনা উপজেলার শান্তিশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশকে সব ধরনের সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?