শিরোনামঃ

সুন্দরবন রক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বামনায় অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত


মাসুদ রেজা ফয়সালঃ

পলিথিন ও প্লাস্টিক ব্যবহারজনিত পরিবেশ দূষণ রোধ এবং সুন্দরবন সংরক্ষণের লক্ষ্যে বরগুনার বামনা উপজেলা পরিষদ মিলনায়তনে আজ সোমবার (২০ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে এক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর আয়োজিত এই কর্মশালা “সুন্দরবন রক্ষায় জনসম্পৃক্ততা বৃদ্ধি প্রকল্প”-এর আওতায় অনুষ্ঠিত হয়। প্রকল্পের অধীনে উপকূলীয় অঞ্চলের ৫টি জেলার ১৭টি উপজেলায় গঠিত ১৭টি যুব নেটওয়ার্ক স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে।


বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের প্রায় ৬০ শতাংশ এলাকা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে—বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও বরগুনা জেলায়—অবস্থিত। প্রায় ৩০ লাখ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে বনজ ও জলজ সম্পদের ওপর নির্ভরশীল। কিন্তু অপরিকল্পিত মানব কার্যক্রম এবং পলিথিন-প্লাস্টিকের বেপরোয়া ব্যবহারে সুন্দরবন ও এর আশপাশের পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।


কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পলাশ আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসমিন, মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোমাঞ্চ আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খায়রুল আলম, সমবায় কর্মকর্তা মোঃ এমাদুল হক, বন কর্মকর্তা সাইদুর রহমান মানিক আকন, উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা।


এছাড়াও কর্মশালায় অংশ নেন অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান (বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ), প্রভাষক মোঃ আসাদুজ্জামান (বামনা সরকারি ডিগ্রি কলেজ), প্রভাষক মোঃ জাকির হোসাইন (সদর আর. রশিদ ফাজিল মাদ্রাসা), চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ হুমায়ুন কবির (২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ), এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।


আলোচকবৃন্দ বলেন, সুন্দরবনের টিকে থাকা মানেই উপকূলীয় অঞ্চলের টিকে থাকা। এজন্য প্লাস্টিক ও পলিথিন বর্জ্য নিয়ন্ত্রণে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও জনগণের সচেতন অংশগ্রহণ এখন অত্যাবশ্যক।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?