শিরোনামঃ

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোন প্রকার ‘ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন’—এমপি মাওঃ আজীজুর রহমান



আব্দুল্লাহ যশোর জেলা প্রতিনিধিঃ


যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 



আজ (২ আগস্ট) রবিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।



​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫, যশোর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান এমপি। শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাক্তার তৌফিক পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা সমাজসেবা অফিসার মেহেদী হাসান, থানার তদন্ত অফিসার শাহ আলম এবং শার্শা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু ইয়াহইয়া। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।



​সভাপতির বক্তব্যে ডাক্তার তৌফিক পারভেজ হাসপাতালের নানা সংকট ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি জানান, শার্শা উপজেলার অধীনস্থ উপস্বাস্থ্য কেন্দ্রগুলো বর্তমানে বন্ধ রয়েছে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীর তীব্র জনবল সংকট বিদ্যমান। হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত হলেও অবকাঠামোগত অবস্থা অত্যন্ত দুর্বল। চিকিৎসাসেবার ক্ষেত্রে এনালগ এক্স-রে ও এনালগ আল্ট্রাসনোগ্রামসহ ব্যবহৃত যন্ত্রপাতিগুলো বেশ পুরনো ও যান্ত্রিক ত্রুটিযুক্ত। এসব সমস্যায় কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে তিনি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন।



​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, "হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে লিখিত আবেদন জানানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করছি। আগামী সংসদ অধিবেশনে আমি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই সার্বিক চিত্র ও সংকটের কথা তুলে ধরব।"



​তিনি আশ্বাস দিয়ে আরও বলেন, হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, জনবল বৃদ্ধি ও আধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি সুন্দর, আধুনিক ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।



​চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে এমপি আজীজুর রহমান বলেন, "চিকিৎসা একটি মহান পেশা। হাসপাতালের সাথে জড়িত সকল ডাক্তার ও কর্মচারীদের উদার মনের হতে হবে। বিভিন্ন জায়গা থেকে চিকিৎসার নামে রোগীদের অনাবশ্যক পরীক্ষা-নিরীক্ষা করানোর অভিযোগ শোনা যায়। আমি অনুরোধ করব—আপনারা বাণিজ্যিক চিন্তা বা টাকা উপার্জনের দিকে নজর না দিয়ে মানবিক সেবার মানসিকতা নিয়ে কাজ করুন। নিবেদিতপ্রাণ হয়ে সেবা দিলে আল্লাহ অবশ্যই এর উত্তম প্রতিদান দেবেন।"

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?