শিরোনামঃ

নৈরাজ্যের রাজনীতির বদলে  আমরা কার্যকরী সংসদ তৈরি  করেছি  -জহির উদ্দিন স্বপন


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্ঠা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজপথের নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা একটা কার্যকরী জাতীয় সংসদ তৈরি করেছি। যেখানে বিরোধী দল সরকারি দলকে সমালোচনা করার অবাধ সুযোগ পাচ্ছে, অধিকার পাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী সংসদ নেতাকে সহ সরকারকে তারা প্রতিদিন ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে ন্যায্য অন্যায্য সমালোচনা করেই চলছে। অতএব মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক এই সংস্কারের কাজেও আমাদের নেতা হাত দিয়েছেন এবং জাতীয় সংসদকে তিনি কার্যকরী করেছেন। আমরা বিশ্বাস করি সংসদ যদি সকল রাজনীতির কেন্দ্রবিন্দু হয় তাহলে রাজপথে নৈরাজ্য ফিরে আসবে না।

বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) সকাল ৯টায় সরিকল-বাটাজোর খালের পাশে প্রধানমন্ত্রী কর্তৃক রোপনকৃত গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধণী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, দেশের পুলিশ প্রশাসনকে আমরা জনগণের সেবক হিসেবে ঠেলে সাজাতে চাই। বিগত সরকার পুলিশের ইউনিফর্মকে তাদের রাজনৈতিক দলের একটা বাহিনী বানিয়েছিলো। পুলিশের গায়ে তারা বদনাম দিয়েছে। খুনের বদনাম দিয়েছে, গুমের বদনাম দিয়েছে। তারা দুর্নীতির বদনাম দিয়েছে। যে কারণে বেনজিরের মতো লোক আজকে পালিয়ে বেড়ায়। একটা পুলিশের আইজি যখন অপরাধ পেয়ে পালিয়ে বেড়ায় তখন ইউনিফর্ম পড়া একজন কনস্টেবলেরও খারাপ লাগে। আমরা পুলিশকে তাদের মানসম্মান ইজ্জত আবার নতুন করে ফেরত দিতে চাই ।

তিনি আরও বলেন, দেশের আমলাতন্ত্রকে তারা দখল করেছিলো, দলবাজ বানিয়ে ফেলেছিলো এইচ টি ইমামের নেতৃত্বে। আমরা সেই আমলাতন্ত্রকে নিরপেক্ষ করতে চাই। দেশের ব্যাংকের আমানতকারীদের টাকা লুটেরাদের হাতে দিয়ে ভালো ভালো ব্যাংকগুলিকে তারা ডাকাতি করেছে। আমরা সেই ব্যাংকগুলিকে আবার নিজের পায়ে দাঁড় করিয়ে আমানতকারীদের টাকা যাতে নিরাপদ থাকে এবং প্রকৃত শিল্প উদ্যোক্তারা যাতে ঋণ নেয় সেই ব্যবস্থা করছি। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের টাকা নিঃস্ব করে দিয়েছে। আমরা সেই শেয়ার বাজারকে আবার নতুন করে আস্থাবান একটা বাজারে পরিণত করছি যাতে বিনিয়োগকারীরা সেখানে তাদের বিনিয়োগ করে এবং সেই টাকা দেশের অর্থনীতিতে কাজে দেয়।

উপদেষ্ঠা জহির উদ্দিন স্বপন বলেন, খাল খননের মাধ্যমে যদি আমরা প্রতিটি জমিতে পানি পৌঁছাতে পারি এবং আমরা যদি দেশে উৎপাদনকে বাড়াতে পারি তাহলে আমাদের দেশের খাদ্য রপ্তানির পর্যায়ে আমরা আরো উন্নত হতে পারব।

গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব. সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌরসভা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, সদস্য সচিব আল-আমিন মোল্লা, যুগ্ম আহবায়ক রাজিব খান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, হীরা রহমান সাদ্দাম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম, সাধারণ সম্পাদক মুন্না খানসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?