শিরোনামঃ

যবিপ্রবির ‘জাস্ট ডিরেক্টরি’ অ্যাপে যুক্ত হলো ‘অফলাইন ডায়েরি, ইন্টারনেট ছাড়াই মিলবে নম্বর



যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ ‘জাস্ট ডিরেক্টরি’র নতুন আপডেটে যুক্ত হয়েছে ‘অফলাইন ডায়েরি’ সুবিধা। এর ফলে ইন্টারনেট সংযোগ ছাড়াই অ্যাপটিতে সংরক্ষিত প্রয়োজনীয় যোগাযোগ নম্বর খুঁজে পাওয়া যাবে।


বুধবার (১৬ সেপ্টেম্বর) নতুন এই সুবিধা যুক্ত করে দুই দিন বন্ধ থাকার পর অ্যাপটি পুনরায় চালু করা হয়। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড ও আপডেট করা যাবে।


‘জাস্ট ডিরেক্টরি’ অ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যক্তি ও দপ্তরের প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সহজে খুঁজে পাওয়া যায়। নতুন সুবিধাটি যুক্ত হওয়ায় এখন ইন্টারনেট সংযোগ না থাকলেও অ্যাপটিতে সংরক্ষিত কনটাক্ট নম্বর অনুসন্ধান করা যাবে। 


‘জাস্ট ডিরেক্টরি’ যবিপ্রবির প্রথম অফিসিয়াল ডিরেক্টরি অ্যাপ। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় তথ্য দ্রুত পাওয়ার জন্য তৈরি অ্যাপটিতে নাম, পদবি বা অফিসের মাধ্যমে তথ্য খোঁজার পাশাপাশি মোবাইল নম্বরে সরাসরি কল ও ই-মেইল করার সুবিধা রয়েছে।


এ ছাড়া অ্যাপটিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ, বিভিন্ন বিভাগ, স্নাতক ভর্তি এবং অন্যান্য প্রয়োজনীয় সেবার তালিকা ও লিংক রয়েছে। শিক্ষার্থীদের জন্য ডিআইসিএস ও পরীক্ষা-সংক্রান্ত পোর্টালে প্রবেশের সুবিধাও রাখা হয়েছে। এসব পোর্টালের মাধ্যমে বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক সেবা গ্রহণের সুযোগ রয়েছে।


অ্যাপটির ডেভেলপার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুর রহিম বলেন, “বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় নম্বর খুঁজতে আগে হার্ড কপি ডায়েরি বের করে আলাদাভাবে খুঁজতে হতো। একসঙ্গে সব নম্বর পাওয়া যেত না। সেখান থেকেই সব যোগাযোগ নম্বর এক জায়গায় রাখার চিন্তা থেকে ‘জাস্ট ডিরেক্টরি’ তৈরি করি। প্রথম দিকে অ্যাপটি ব্যবহারে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হতো। পরে মনে হলো, অনেক সময় ব্যবহারকারীরা ইন্টারনেট সংযোগের বাইরে থাকেন, অথচ তখনই জরুরি প্রয়োজনে কোনো নম্বরের প্রয়োজন হতে পারে। তাই সবার সুবিধার কথা বিবেচনা করে অ্যাপটিতে ‘অফলাইন ডায়েরি’ সুবিধা যুক্ত করা হয়েছে ।”


এবিষয়ে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আহনাফ আবিদ মাহি বলেন , জাস্ট ডিরেক্টরিতে অফলাইন ডায়েরি সুবিধা যুক্ত হওয়াটা আমাদের জন্য বেশ কাজে দেবে। অনেক সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা বা দপ্তরের নম্বর জরুরি প্রয়োজন হয়, কিন্তু তখন ইন্টারনেট সংযোগ পাওয়া যাই না। সেক্ষেত্রে ইন্টারনেট ছাড়াই যদি প্রয়োজনীয় নম্বর খুঁজে বের করা যায় তাইলে সময় বাঁচবে সাথে ভোগান্তিও কমবে। বিশেষ করে ক্যাম্পাসে বা বাইরে জরুরি প্রয়োজনে এই সুবিধাটি শিক্ষার্থীদের জন্য বেশ উপকারী হবে।


‘অফলাইন ডায়েরি’ সুবিধাটি ব্যবহার করতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট করতে হবে। যারা আগে অ্যাপটি ইনস্টল করেননি, তারা নতুন করে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?