শিরোনামঃ

নারী ও কন্যাশিশু ৬৩.৫ শতাংশ অনলাইন হয়রানির শিকার

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

সমগতির জরিপে অংশগ্রহণকারীদের ৬৩.৫ শতাংশ অনলাইন হয়রানির শিকার


নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গড়ার আহ্বানের মধ্য দিয়ে বরিশালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) আয়োজিত এ সচেতনতামূলক অনুষ্ঠানে নারী নির্যাতনের বিভিন্ন ধরন, সামাজিক দায়বদ্ধতা এবং সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সমগতি পরিচালিত প্রযুক্তি-সুবিধাপ্রাপ্ত লিঙ্গভিত্তিক সহিংসতা (TFGBV) বিষয়ক জরিপের ফলাফল তুলে ধরা হয়। জরিপে অংশ নেওয়া ১১৫ জনের মধ্যে ৬৩ দশমিক ৫ শতাংশ অনলাইন হয়রানির অভিজ্ঞতার কথা জানিয়েছেন। হয়রানির প্রভাব হিসেবে ৬০ দশমিক ৫ শতাংশ মানসিক চাপ এবং ২৯ দশমিক ৬ শতাংশ লজ্জাবোধের কথা উল্লেখ করেছেন।

জরিপে আরও উঠে এসেছে, অনলাইন হয়রানির ঘটনায় আইনি পদক্ষেপ না নেওয়ার কারণ হিসেবে ৬০ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা ঝামেলা এড়ানোর কথা এবং ৩৯ দশমিক ৪ শতাংশ সংশ্লিষ্ট আইন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকার কথা জানিয়েছেন।

ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে জরিপে। এতে ৭৩ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণে আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি ৫১ দশমিক ৩ শতাংশ আইনি সহায়তা এবং ৪৭ দশমিক ৮ শতাংশ সচেতনতামূলক কর্মসূচির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন সমগতির প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ডিরেক্টর দিপু হাফিজুর রহমান। তিনি নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমগতির চিফ অ্যাডভাইজার জোহরা মমতাজ সাকি, যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট অর্গানাইজেশনাল কনসালট্যান্ট ক্রিস মিলার, চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক সামিয়া আলি অন্না, হ্যালো বরিশালের কো-ফাউন্ডার মো. সাইদুল ইসলাম, বিবিডিসির কো-অর্ডিনেটর জান্নাতুল মাওয়া অন্তরা এবং সমগতির প্রেসিডেন্ট নাজনিন সুলতানা।

আলোচনায় বক্তারা বলেন, নারী নির্যাতনকে কেবল ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এটি মানবাধিকার লঙ্ঘন ও সামাজিক বৈষম্যের একটি প্রকাশ। ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও অনলাইন—সব ক্ষেত্রেই নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, নারী নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনা জরুরি। অনলাইন সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য সহজে অভিযোগ জানানোর ব্যবস্থা, আইনি সহায়তা এবং মানসিক স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন বক্তারা।

অনুষ্ঠানে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সম্মিলিত সামাজিক উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, সমগতির জরিপটি অনলাইনভিত্তিক স্বেচ্ছায় অংশগ্রহণমূলক পদ্ধতিতে পরিচালিত হয়। এতে ১১৫ জনের অভিজ্ঞতা ও মতামত উঠে এসেছে। জরিপের ফলাফল অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা তুলে ধরে, এটি দেশের সামগ্রিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী পরিসংখ্যান নয়।

প্রতিবছর ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়। এ উপলক্ষে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ১৬ দিনব্যাপী নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

স্থান: বরিশাল।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?