- Report 71 News Desk
- প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ ০৯:৩৮ পিএম
মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের মাহির
মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক এই সুন্দরী প্রতিযোগিতায় তার এবারের যাত্রা শেষ হলো।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোতে শুরু হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নেন ১১৬ জন প্রতিযোগী।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, দর্শক ভোটে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। ‘পিপলস চয়েস’ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। তবে শেষ মুহূর্তে সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।
দর্শক ভোটের পাশাপাশি প্রতিযোগীদের সাক্ষাৎকার এবং প্রাথমিক পর্বের পারফরম্যান্স মূল্যায়ন করে সেরা ৩০ নির্বাচন করা হয়। এই তালিকায় জায়গা করে নেয় নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কুরাসাও, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইকুয়েডর, পুয়ের্তো রিকো, তানজানিয়া, মেক্সিকো, গিনি, কলম্বিয়া, ইউক্রেন, পানামা, কোস্টারিকা, উগান্ডা, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, বেলজিয়াম, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও নিকারাগুয়ার প্রতিনিধিরা।
বাদ পড়ার পর মাহির আবেগঘন বার্তা
প্রতিযোগিতা থেকে বাদ পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের মানুষের উদ্দেশে একটি আবেগঘন বার্তা দিয়েছেন মাহি।
বার্তার শুরুতে তিনি লেখেন, ‘প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন—সত্যিই আমি কৃতজ্ঞ।’
বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে চেয়েছিলেন জানিয়ে মাহি বলেন, নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। দেশ, দেশের মানুষ এবং তাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে নিজের জায়গা থেকে কোনো কমতি রাখেননি। প্রতিযোগিতার পুরো সময় যারা তার পাশে ছিলেন, তাদের ভালোবাসা ও সমর্থন কখনো ভুলবেন না বলেও জানান তিনি।
মাহিকে নিয়ে মিস ইউনিভার্স বাংলাদেশের বার্তা
মিস ইউনিভার্স বাংলাদেশের ফেসবুক পেজ থেকে জানানো হয়, “মুকুট কিংবা তারার ঝলকানির বাইরেও তুমি আমাদের দিয়েছ আরও বড় কিছু। বাংলাদেশের জন্য গর্ব, অনুপ্রেরণা আর আজীবন মনে রাখার মতো কিছু মুহূর্ত।”
মাহিকে উদ্দেশ করে আরও বলা হয়, “আন্তর্জাতিক মঞ্চে অসাধারণ আত্মবিশ্বাস, সৌন্দর্য ও আভিজাত্যের সঙ্গে বাংলাদেশের নাম তুলে ধরার জন্য ধন্যবাদ, সামিরা খান মাহি।”
বার্তার শেষাংশে তাকে বিশ্বাস করা, পাশে থাকা এবং ভালোবাসা দেওয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান মাহি। সবশেষে লেখেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’
উল্লেখ্য, এবারের মিস ইউনিভার্স ২০২৬-এর বিজয়ী হয়েছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেতো।
Report 71 | সত্যের সঙ্গে, সংবাদের পথে।
এই বিভাগের আরো খবর
-
জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের সক্রিয়তা (১৬ Days of Activism Against Gender-Based Violence) উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও পিঠা উৎসব...
-
জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে বরিশালে স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।বুধবার বরিশাল রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জ্বালানির...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!