শিরোনামঃ

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পথে বিসিসি, বদলাবে কি বরিশালের চিত্র?


সাকিব উল হক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল।


বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও পরিবেশগত উন্নয়নের লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা Practical Action-এর সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ‘ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ (সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা) বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। এছাড়াও ঝালকাঠি পৌরসভার প্রশাসক, বিসিসির স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তাবৃন্দ এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।


সভায় নগরীর ক্রমবর্ধমান বর্জ্যকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষভাবে উৎসস্থলে পচনশীল ও অপচনশীল বর্জ্য পৃথকীকরণ, বর্জ্য থেকে জৈব সার উৎপাদন, প্লাস্টিক পুনঃপ্রক্রিয়াজাত করে ব্যবহারযোগ্য পণ্য বা জ্বালানি তৈরির সম্ভাবনা এবং আধুনিক ডাম্পিং ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে খোলা স্থানে বর্জ্য ফেলা বন্ধের বিষয়েও জোর দেওয়া হয়।


সভায় বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “বরিশালকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা আমাদের অগ্রাধিকার। সমন্বিত এই বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়িত হলে বর্জ্য আর অভিশাপ থাকবে না, বরং তা সম্পদে পরিণত হবে।” তিনি দ্রুত প্রকল্পটির বাস্তবায়ন শুরু করার আশাবাদ ব্যক্ত করেন।

তবে পরিকল্পনা বাস্তবায়নের ধারাবাহিকতা ও তদারকির ওপরই নির্ভর করছে, বাস্তবে কতটা বদলাবে বরিশালের বর্জ্য ব্যবস্থাপনার চিত্র।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?