শিরোনামঃ

গৌরনদীতে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন


শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার শিক্ষায় উদ্বুদ্ধ করার উদ্যোগ 


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা, দায়িত্ববোধ ও আত্মনির্ভরশীলতার চর্চা গড়ে তোলার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা স্টোরের উদ্বোধন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি, গৌরনদী উপজেলা শাখার সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব ড. মো. নাসির উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মো. মিজানুর রহমান মিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. নাসির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না, তাদের সৎ, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। সততা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। ছোটবেলা থেকেই সততার চর্চা করতে পারলে ভবিষ্যতে তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। সততা স্টোর শিক্ষার্থীদের মধ্যে সেই নৈতিক শিক্ষার বাস্তব অনুশীলনের সুযোগ তৈরি করবে। তিনি শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, সততা স্টোর শুধু কেনাবেচার একটি স্থান নয়, এটি শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ শেখার একটি ব্যতিক্রমী উদ্যোগ। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরাই সততার পরিচয় দেওয়ার সুযোগ পাবে। জীবনের শুরু থেকেই সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে এই মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) তরিকুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি এম ইদ্রিস আলী, বিশিষ্ট সমাজসেবক এস এম মোশাররফ হোসেন, সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা হাওলাদার, মার্ক এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান খোকন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন।

এ সময় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এ এস মামুন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী খাইরুল আহসান লাভলু ও স্কাই ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, বার্থী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব চুন্নু সরদার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ চাপরাশি, কাওসার ফকির, আনিস বেপারি, মিন্টু মোল্লাসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই দুর্নীতিবিরোধী মনোভাব ও সৎ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?