শিরোনামঃ

বরিশালে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর বিষয়ক নীতি সংলাপ

জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে বরিশালে স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বরিশাল রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর’ শীর্ষক এ সংলাপের আয়োজন করা হয়। ‘আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা’ প্রতিপাদ্যে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি), বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম, প্রান্তজন, আভাস ও আরোহীর যৌথ উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

সংলাপে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ (বরিশাল সদর) আসনের সংসদ সদস্য মো. মজিবর রহমান সরোয়ার। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (অব.) গাজী জাহিদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের আহ্বায়ক শুভঙ্কর চক্রবর্তী।

স্বাগত বক্তব্য দেন জেটনেট-বিডির সদস্য সংগঠন প্রান্তজনের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন একশনএইড বাংলাদেশের জাস্ট এনার্জি ট্রানজিশন কর্মসূচির ম্যানেজার ও জেটনেট-বিডির সদস্যসচিব আবুল কালাম আজাদ।

আলোচনায় অংশ নেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী জাহিদা খানম, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী দীপক মিস্ত্রি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর এবং পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট গোলাম কিবরিয়া।

সংলাপে বরিশালের জ্বালানি চাহিদা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, পরিবেশগত সংকট এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বক্তারা সরকারি-বেসরকারি ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, কমিউনিটিভিত্তিক সৌর উদ্যোগ, বায়োগ্যাস ও বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সৌরশক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সরকারি নীতিগত সহায়তা, কর ও বিনিয়োগ সুবিধা বৃদ্ধি এবং বেসরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তি ব্যবহারে স্থানীয় তরুণদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দেন আলোচকরা।

এ সময় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম কিবরিয়া বরিশালে একটি বিশেষায়িত গবেষণা সেল প্রতিষ্ঠার প্রস্তাব দেন। তাঁর মতে, এ ধরনের গবেষণা সেলের মাধ্যমে স্থানীয় বাস্তবতা ও প্রয়োজনের ভিত্তিতে জ্বালানি রূপান্তর এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

আভাসের উপনির্বাহী পরিচালক জান্নাতুল নাইম ঐশি বলেন, নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জাম ও প্রযুক্তির বাজার সম্প্রসারণে শুল্কছাড়সহ বিভিন্ন প্রণোদনা কার্যকর থাকলেও এর সুফল সাধারণ ভোক্তাদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিয়মিত মনিটরিং করা প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মজিবর রহমান সরোয়ার বলেন, জনগণের সমস্যা সমাধানের মধ্যেই দেশের প্রকৃত কল্যাণ নিহিত। নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও টেকসই উন্নয়নের স্বার্থে রাজনৈতিক নেতৃত্ব, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি খাত এবং নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সংলাপ থেকে উঠে আসা সুপারিশের ভিত্তিতে বরিশাল স্থানীয় জ্বালানি রূপান্তর কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে দ্রুত একটি প্রতিনিধিত্বশীল কমিটি গঠনের আহ্বান জানান তিনি। পাশাপাশি কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর জন্য বরিশাল টাউন হলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান।

সংলাপে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?