- প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৩১ পিএম
লালমোহনে ধর্ষণের অভিযোগ, সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন
ভোলা প্রতিনিধি:
ধর্ষণের অভিযোগের সুষ্ঠু তদন্ত, সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত করতে আইনানুগভাবে ডিএনএ পরীক্ষা, হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং নিজের ও পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সারমিন আক্তার রিপা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব দাবি জানান। এ সময় তিনি সরকার ও জাতীয় সংসদের স্পিকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিচার ও নিরাপত্তার দাবি জানান।
লিখিত বক্তব্যে সারমিন আক্তার রিপা অভিযোগ করেন, তার সম্পর্কীয় চাচাতো ভাই মো. সিরাজ বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তীতে সিরাজ তার বন্ধু জনতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী (দপ্তরি) জুলফিকার আলী ওরফে মিজানুর রহমানকে সেখানে নিয়ে আসেন। একপর্যায়ে সিরাজ ও জুলফিকার আলী তাকে ধর্ষণ করেন বলেও অভিযোগ করেন তিনি।
সারমিনের দাবি, ওই ঘটনার পর তিনি অন্তঃসত্ত্বা হন এবং পরবর্তীতে একটি কন্যাসন্তানের জন্ম দেন। তিনি জুলফিকার আলী ওরফে মিজানুর রহমানকে শিশুটির বাবা দাবি করলেও তিনি পিতৃত্ব স্বীকার করছেন না এবং ডিএনএ পরীক্ষায় সম্মতি দিচ্ছেন না বলে অভিযোগ করেন সারমিন।
তিনি বলেন, “আমি কারও বিরুদ্ধে অন্যায় করতে চাই না। আমি শুধু সত্য জানতে চাই। আইনানুগ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুটির পিতৃপরিচয় নিশ্চিত করা হোক। পরীক্ষায় পিতৃত্ব প্রমাণিত হলে আমার সন্তানের আইনগত অধিকার ও ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।”
সংবাদ সম্মেলনে সারমিন আরও অভিযোগ করেন, মামলা করার পর থেকে তাকে মামলা তুলে নিতে এবং মুখ বন্ধ রাখতে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তার ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তাকে ও পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
তার অভিযোগ, গত ১৩ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫টার দিকে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চটি টিয়া গ্রামের বসতবাড়িতে হামলা চালানো হয়। এ সময় সিরাজ ও জুলফিকার আলীর ইন্ধনে মামুন হাওলাদার, বসার হাওলাদার, ওসমান গনি, সোহাগ, জিহাদ, মেহেদী হাসান, সাজু, সিয়াম, আকাশ, মিজান ও রুহুল আমিন কাজীসহ কয়েকজন বাড়িতে এসে তাকে মারধর, ঘরবাড়ি ভাঙচুর এবং নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
হামলার সময় তার অসুস্থ ও বয়স্ক মাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন সারমিন। তিনি বলেন, তার মা নামাজ পড়ার সময় বাধা দেওয়া হয় এবং একপর্যায়ে সোহাগ পেছন থেকে তাকে লাথি মারেন।
এ ছাড়া তাকে সামাজিক ও আইনি চাপে রাখতে মাদক দিয়ে ফাঁসানোর এবং মিথ্যা মাদক মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন সারমিন। তার মায়ের বিরুদ্ধেও একটি মামলা করা হয়েছে, যেটিকে তিনি হয়রানিমূলক ও মিথ্যা বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে সারমিন বলেন, ঘটনার পর ভোলার পুলিশ সুপার ও লালমোহন থানা পুলিশ তাকে আইনগত সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছে। তবে মামলা ও বিভিন্ন প্রমাণ থাকার পরও তিনি এখনো কাঙ্ক্ষিত ন্যায়বিচার পাননি বলে দাবি করেন। ফলে তিনি ও তার সন্তানসহ পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।
তিনি তার সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত করতে দ্রুত আইনানুগভাবে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা, ধর্ষণের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ১৩ সেপ্টেম্বরের হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, লুট হওয়া মালামাল উদ্ধারের উদ্যোগ এবং তাকে ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
একই সঙ্গে পুড়িয়ে হত্যার হুমকি ও মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ তদন্তের দাবি জানান তিনি।
সারমিন বলেন, “আমি কোনো প্রতিশোধ চাই না। আমি চাই সত্য উদঘাটিত হোক এবং আইন তার নিজস্ব গতিতে চলুক। আমার সন্তানের পিতৃপরিচয় অনুমান বা কারও কথায় নয়, আইনসম্মত ডিএনএ পরীক্ষা ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত হোক।”
তিনি সরকারের কাছে এবং জাতীয় সংসদের স্পিকার মহোদয়ের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত সিরাজ, জুলফিকার আলী ও অন্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই সাপেক্ষ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আড়পাড়া গ্রামবাসীর উদ্যোগে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।সোমবার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : সারা দেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গোপালগঞ্জে জেলা জাসাসের উদ্যোগে মানববন্ধন...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজাসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ।সোমবার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!