শিরোনামঃ

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ


সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি 

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মধ্য সাউদের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ছাড়া ওই এলাকার আরও কয়েকটি বিদ্যালয়ের দেয়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্লোগান লেখা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে এসব ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সরকারি আদেশ দেখুন

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বিদ্যালয়গুলোর স্বাভাবিক কার্যক্রম অব্যাহত ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে মধ্য সাউদের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু নিক্ষেপ করা হয়। একই সময়ে মধ্য সাউদের হাওলা, পশ্চিম কল্যাণ কলস এবং উত্তর-পশ্চিম বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান লেখা হয়।

বুধবার সকালে মধ্য সাউদের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস শুরুর আগে ভবনের কাছে কলাগাছের পাশে পেট্রোল বোমাসদৃশ বস্তু দেখতে পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন। বিদ্যালয়ের বারান্দায় বস্তুটি নিক্ষেপের কারণে দেয়ালে কালো দাগের সৃষ্টি হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হানিফ জানান, গভীর রাতে স্থানীয়রা বিকট শব্দ শুনতে পান। সকালে বিদ্যালয়ে গিয়ে তাঁরা কাচের বোতলের ভাঙা টুকরো দেখতে পান। দ্বিতীয় শ্রেণির কক্ষের দরজার পাশের দেয়ালে পোড়া দাগ এবং বিভিন্ন স্থানে স্লোগান লেখা ছিল।

এ বিষয়ে গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর বলেন, কলাগাছিয়া ইউনিয়নের সাউদের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও দেয়ালে পোড়া দাগ, বিভিন্ন স্লোগান ও হুমকিমূলক কথা লেখা রয়েছে। আইনগত ব্যবস্থা নিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা থানায় যোগাযোগ করেছেন।

কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাতে বিদ্যালয়গুলোতে পেট্রোল বোমাসদৃশ কাচের বোতল নিক্ষেপের খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি; শুধু দেয়ালে কালো দাগের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?