শিরোনামঃ

বরগুনা হাসপাতালে নার্সদের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, ৪ নার্সকে শোকজ


সোহাগ হাওলাদার, বরগুনা: 

বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মামুন (২৫) নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নার্সদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। অসুস্থতার বিষয়টি বারবার জানানোর পরও কর্তব্যরত নার্সরা গুরুত্ব দেননি বলে অভিযোগ করেছেন রোগীর স্বজন ও প্রত্যক্ষদর্শীরা। এমনকি রোগীকে অভিনয় করছেন বলেও মন্তব্য করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। 


এ ঘটনায় দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগে সংশ্লিষ্ট ওয়ার্ডে দায়িত্ব পালনকারী চার সিনিয়র স্টাফ নার্সকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নোটিশপ্রাপ্ত নার্সরা হলেন, আফরিন জান্নাত, শীলা হাওলাদার, রুমানা ফেরদৌস ও মাহফুজা আক্তার। তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 


শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাদের এ নোটিশ দেওয়া হয়। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়। 


হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকার বাসিন্দা মামুনকে অসুস্থ অবস্থায় শুক্রবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল। তবে রোগীর ব্যবস্থাপত্র অনুযায়ী যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত না করে দায়িত্বপ্রাপ্ত নার্সরা ডিউটি ডেস্কে বসে ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। 


নোটিশে আরও বলা হয়, রাত ১১টার দিকে মামুনের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি রক্তবমি করতে থাকেন। এ সময়ও জরুরি বিভাগের চিকিৎসককে যথাযথভাবে অবহিত না করে নার্সরা দায়িত্বে অবহেলা করেন বলে অভিযোগ রয়েছে। রোগীর মৃত্যুর পর স্বজন ও স্থানীয়রা হাসপাতালে এসে নার্সদের বিরুদ্ধে অবহেলা ও অসদাচরণের অভিযোগ তোলেন।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই চার নার্সকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 


হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজন ও প্রত্যক্ষদর্শী মোসা. সেতারা বেগম অভিযোগ করে বলেন, রাতে মামুনের হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তিনি নার্সদের বিষয়টি জানান। কিন্তু তারা গুরুত্ব না দিয়ে উল্টো আপনারা অভিনয় শুরু করেছেন বলে মন্তব্য করেন। বারবার ডাকার পরও নার্সরা এগিয়ে আসেননি। তার অভিযোগ, যথাসময়ে চিকিৎসা পেলে হয়তো রোগীকে বাঁচানো সম্ভব হতো। মৃত্যুর প্রায় ৩০ মিনিট পর নার্স এসে ইসিজি করেন। 


হাসপাতালে চিকিৎসাধীন আরেক প্রত্যক্ষদর্শী মো. বেলাল বলেন, রাতে মামুনের শ্বাসকষ্ট বেড়ে গেলে নার্সদের ডাকাডাকি করা হলেও তারা আসেননি। এমনকি প্রয়োজনীয় সহায়তা না পেয়ে ওই রোগী নিজেই নিজের ওষুধ সেবন করেন। সময়মতো নার্সরা এগিয়ে এলে হয়তো এমন পরিণতি হতো না বলে মনে করেন তিনি। 


তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নার্সরা। সিনিয়র স্টাফ নার্স রুমানা ফেরদৌস মুঠোফোনে বলেন, মৃত রোগীর সঙ্গে তার মা ছাড়া অন্য কোনো স্বজন ছিলেন না। অসুস্থতার বিষয়টি জানানো হলে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয় এবং অক্সিজেনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছে। রোগী বা স্বজনদের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা হয়নি বলেও দাবি করেন তিনি। 


আরেক অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স মাহফুজা আক্তার বলেন, রাতে তিনি মেডিসিন ওয়ার্ডের দায়িত্বে ছিলেন। ওই সময় রোগী বা তার স্বজনদের সঙ্গে কোনো খারাপ আচরণের ঘটনা ঘটেনি। তবে বিকেলের শিফটে দায়িত্ব পালনকারীদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে এবং রোগীকে অভিনয় করছেন বলা হয়েছে বলে তিনি শুনেছেন। 


বরগুনা জেনারেল হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান বলেন, মৌখিকভাবে বিষয়টি শুনেছেন। রোগীকে ‘অভিনয় করছেন’ বলা হয়ে থাকলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নার্সদের দায়িত্বই হলো হাসপাতালে ভর্তি রোগীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করা। এ ঘটনায় নার্সদের সম্পৃক্ততা পাওয়া গেলে হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 


এ বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?