শিরোনামঃ

উত্তাল সাগরে ১৩ জেলেসহ ট্রলারডুবি, নিখোঁজ ৫



সোহাগ হাওলাদার, বরগুনা: 

বৈরী আবহাওয়ার মধ্যে উত্তাল বঙ্গোপসাগরে বরগুনার পাথরঘাটা উপকূল থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে এফবি বরকত নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে ৮ জনকে অপর একটি মাছ ধরার ট্রলারের জেলেরা জীবিত উদ্ধার করলেও এখনো ৫ জেলে নিখোঁজ রয়েছেন। 


সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, ঘটনার প্রায় চার দিন আগে পাথরঘাটা থেকে ১৩ জন জেলেকে নিয়ে এফবি বরকত গভীর সাগরে মাছ ধরতে যায়। পরে সাগরে নোঙর করা অবস্থায় বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। 


ট্রলারডুবির পর ১৩ জেলের মধ্যে ৮ জন সাগরে ভাসমান অবস্থায় কাছাকাছি থাকা অপর একটি মাছ ধরার ট্রলারে উঠে প্রাণে বেঁচে যান। তবে বাকি পাঁচ জেলে এখনো নিখোঁজ রয়েছেন। 


নিখোঁজ পাঁচ জেলের পরিচয় হলো, মো. বিল্লাল, মো. কাওসার (পাথরঘাটা উপজেলার হাড়িটানা এলাকার ৭ নম্বর ওয়ার্ড), মো. নুর আলম, মো. শাকিল (গহরপুর ১ নম্বর ওয়ার্ড) এবং মো. ইব্রাহিম (বাদুরতলা ৮ নম্বর ওয়ার্ড)। নিখোঁজ সবাই পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 


এবিষয়ে,বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ট্রলারডুবির খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে পাথরঘাটা থেকে এফবি জহুরা/এফবি জহুরা খাতুন নামের একটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে। নিখোঁজ জেলেদের সন্ধানে গভীর সাগরে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৫ জেলে এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ পাঁচজনের সবাই পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?