শিরোনামঃ

শেবাচিম হাসপাতালের অব্যবস্থাপনা-হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল


সাকিব উল হক

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা ও রোগীদের হয়রানির বিরুদ্ধে ৩ দফা দাবিতে রাজপথে নেমেছে সর্বস্তরের সাধারন শিক্ষার্থীরা।বরিশাল বিভাগসহ সারা বাংলাদেশের স্বাস্থ্যসেবার চরম অব্যবস্থাপনা ও রোগীদের লাগাতার ভোগান্তির প্রতিবাদে বরিশালে অনুষ্ঠিত হয়েছে এক প্রতিবাদ মিছিল।

বরিশালের সর্বস্তরের সাধারণ ছাত্র-জনতার আয়োজনে এই মিছিল অনুষ্ঠিত হয় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটের সামনে।

সাধারণত ছাত্র-জনতার পক্ষ থেকে মহিউদ্দিন রনি জানান যে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দীর্ঘদিনের নৈরাজ্যকর অব্যবস্থাপনায় রোগীরা ও রোগীর স্বজনরা প্রতিনিয়ত নানা রকম ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি আরও বলেন চিকিৎসা একটি মৌলিক অধিকার হলেও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেটা চরমভাবে খর্ব হচ্ছে।

শুধু বরিশাল নয়, বরং এটি সারা দেশের সরকারি হাসপাতালগুলোরই একটি প্রতিচ্ছবি, যেখানে নাগরিকরা স্বাস্থ্যসেবার নামে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনার অবস্থার পরিবর্তনের দাবিতে বরিশালের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মহিউদ্দিন রনি ৩ দফা দাবি উত্থাপন করেন:

১. শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সকল সরকারি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করে সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

২. স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতালগুলোর দুর্নীতি রোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল অপারেশন ব্যবস্থা চালু, দলীয় লেজুরভিত্তিক ডাক্তার রাজনীতি নিষিদ্ধকরণ এবং স্বচ্ছ জবাবদিহিতাসহ টাস্কফোর্স গঠন করতে হবে।

৩. স্বাস্থ্যখাত সংস্কার কমিশন গঠন করে জনগণের ভোগান্তি নিয়ে তদন্ত করে বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত নিতে হবে এবং দ্রুত তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

প্রতিবাদ মিছিলটি শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রধান গেট থেকে শুরু হয়ে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে এসে শেষ হয়।


মহিউদ্দিন রনি আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং একই সাথে বরিশাল সহ সারা বাংলাদেশের সকল উপজেলার সরকারি হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?