শিরোনামঃ

পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় কাউনিয়া বৃদ্ধাশ্রমে স্টিলের মগ-জগ বিতরণ

বরিশালে পরিবেশবান্ধব জীবনযাপন ও স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে কাউনিয়া বৃদ্ধাশ্রমের নিবাসীদের মাঝে স্টেইনলেস স্টিলের মগ ও জগ বিতরণ করা হয়েছে।

বরিশালের কাউনিয়ার ‘বৃদ্ধাশ্রমে’ থাকা ৭০ জন নিবাসীর জন্য ৭০টি স্টেইনলেস স্টিলের মগ ও ৮টি জগ প্রদান করা হয়। প্লাস্টিকের সামগ্রীর ব্যবহার এড়িয়ে নিরাপদ ও পরিবেশবান্ধব তৈজসপত্র ব্যবহারে উৎসাহিত করতে ‘মনোরমা বসু মাসিমা আনন্দ নিবাস স্বাস্থ্য ও শিক্ষা কেন্দ্র’-এর পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।

উদ্যোক্তারা জানান, বয়োবৃদ্ধ ও অসুস্থ মানুষের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ‘মনোরমা বসু মাসিমা আনন্দ নিবাস স্বাস্থ্য ও শিক্ষা কেন্দ্র’-এর প্রতিষ্ঠাতা প্রবীণ নাগরিক আনোয়ার জাহিদ জানান, আগামী এক মাসের মধ্যে বৃদ্ধাশ্রমের সকল নিবাসীর জন্য প্রয়োজনীয় থালা সরবরাহ করা হবে। পাশাপাশি প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানান তিনি।

বৃদ্ধাশ্রমটিতে বর্তমানে ৭০ জন নিবাসী রয়েছেন। তাঁদের মধ্যে অসুস্থ, দৃষ্টিপ্রতিবন্ধী এবং শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রয়েছে। এখানে তারা খাদ্য, আশ্রয়, চিকিৎসা ও নিরাপত্তা পাচ্ছে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা ও থেরাপির ব্যবস্থা করা গেলে তাদের জীবনযাত্রার আরও উন্নতি সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এজন্য বরিশাল সমাজসেবা অধিদপ্তরকে সরেজমিনে বৃদ্ধাশ্রমটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সালমা খান, অধ্যক্ষ (অব.) ফজলুল হক, অধ্যক্ষ (অব.) আমিনুর রহমান, আইসিডিএর নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, বরিশালের সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক ও পরিবেশকর্মী কাজী মিজানুর রহমান এবং বয়স্ক পুনর্বাসন ও কল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রমের পরিচালক মো. সাখাওয়াত হোসেন।

এ সময় সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এই মানবিক প্রতিষ্ঠানটির পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?